ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
ঋণ বিতরণে অনিয়ম ধরা পড়ার পর ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশের অন্যতম পুরনো এই বেসরকারি ব্যাংকটিতে এখন থেকে পরিচালনা পর্ষদের বৈঠকের তিন দিন আগে আলোচ্যসূচিসহ সব নথি এই পর্যবেক্ষককে পাঠাতে হবে।
সাধারণত কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, পরিচালনা ও আর্থিক পরিস্থিতিতে সঙ্কট সৃষ্টি হলে সেখানে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়।
বর্তমানে বেসরকারি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক কাজ করছেন।
ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
বুধবার বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে তাকে অনির্দিষ্টকালের জন্য পর্যবেক্ষক হিসেবে নিয়োগের কথা ন্যাশনাল ব্যাংককে জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৯ ধারা বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইড সুপারভিশন থেকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানকে চিঠির মাধ্যমে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “পর্যবেক্ষক হিসবে কাজী ছাইদুর রহমানের দায়িত্ব পালনের সুবিধার্থে প্রতিটি পর্ষদ বৈঠকের অন্তত ৩ কার্যদিবস আগে বৈঠকে সব ধরনের এজেন্ডা নথিসহ পাঠাতে হবে।”
সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের রাজধানীর নিমতলী ও গুলশান শাখায় ঋণ বিতরণে অনিয়মের তথ্য উদঘাটন করে বাংলাদেশ ব্যাংক। এরপরই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
পর্যবেক্ষক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থিত থেকে দেখেন যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা আইন অনুযায়ী হচ্ছে কি না। এছাড়া আর্থিক ও ব্যবস্থাপনা সঙ্কট দূর করতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শও দেন।
১৯৮৩ সালে যাত্রা শুরু করা ন্যাশনাল ব্যাংকের বর্তমানে বাংলাদেশে ১৭৫টি শাখা রয়েছে। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন জয়নুল হক শিকদার, ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান।
