২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের হাটে ভারতীয় গরু কম

বেশ জমে উঠেছে রংপুরের পশুরহাটগুলো । তবে ভারতীয় গরু তেমন একটা নেই।  

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 08:38 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

রোববার লালবাগ হাটের ইজারাদার আব্দুল্লাহ হিল কাফি বলেন, “আজ হাটে ১৫ হাজারের বেশি গরু আমদানি হয়েছে। এরমধ্যে ১৩-১৪ হাজারই দেশি গরু। ভারতীয় গরুর আমদানি তেমন একটা নজরে পড়ছে না। ”

সীমান্তে কড়াকড়ির কারণে এ বছর ভারত থেকে গরু কম আসছে বলে মনে করছেন এই ইজারাদার।

দুপুরে রংপুরের লালবাগ, বুড়িরহাট,  বেতগাড়ী হাট,  দেউতির হাট ঘুরে দেখা যায়, এসব হাটে দেশি গরুই বেশি। দামও গতবছরের তুলনায় কম। আকার ভেদে ২০ থেকে ৫০ হাজার টাকায় গরু কেনাবেচা হচ্ছে।

নগরীর সিও বাজার থেকে গরু কিনতে আসা আনোয়ারুল ইসলামের বলেন, “দেশি গরুর দাম কম এবং দেখতেও সুন্দর। তাই দেশি গরু দিয়ে কোরবানি দিব।”

রংপুর সদর উপজেলার উত্তর মমিনপুর গ্রামের কৃষক আকমল হোসেন জানান, ৩০ হাজার টাকায় একটা দেশি গরু কিনেছেন।

দেশি গরু কেন কিনলেন জানতে চাইলে তিনি বলেন, “ ভারতীয় গরুর গোশতে স্বাদ পাইন্যা বাহে। আগে উপায় আছিলো না জন্যে ইন্ডিয়ান গরু দিয়া কুরবানি কচ্চি। এলা হামার দেশি গরুই ইন্ডিয়ান গরুর চাইতে অনেক ভালো। দামও কম। সেইজন্যে দেশি গরু দিয়া কুরবানি করি।”        

মিঠাপুকুর উপজেলার রানীপুকুর গ্রামের কৃষক মমতাজুল ইসলাম জানান, এবার ২০ হাজার টাকায় একটা দেশি গরু কিনেছেন।

সদর উপজেলার ভাই ভাই খামারের মালিক ছয়েরুদ্দিন বলেন, “ খামারের ১০টি গরু বিক্রির জন্যে এনেছি। দুপুরের মধ্যে ৩০ হাজার টাকা দামে চারটি গরু বিক্রি হয়ে গেছে।

“মানুষ এখন অল্প দামে দেশি গরুই কিনছে। তাতে টাকা ও মাংস দুটোতেই লাভ।”

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, “দেশি গরু বেশি বিক্রি হলে গরু পালনকারীরা অনুপ্রাণিত হয়ে আগামীতে আরো বেশি বেশি গরু পালন করবে।”

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ভদ্র বলেন, “রংপুরে এখন প্রতিটি বাড়িতেই গরু পালন হচ্ছে। যে কারণে পশুর হাটগুলোয় দেশি গরু বাড়ছে। পশু খাদ্যের দাম কমানো গেলে আগামীতে দেশি গরু দিয়েই জেলার চাহিদা মেটানো সম্ভব হবে।”