ঢাকা-টোকিও ফ্লাইট চলাচল চুক্তি
ঢাকা ও টোকিওর মধ্যে ফ্লাইট চলাচলের চুক্তি স্বাক্ষর করেছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়।
জাপান সফররত বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন শুক্রবার এ চুক্তি স্বাক্ষর করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্ত্রী বলেন, “ঢাকা-টোকিও বিমান চলাচলের দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে। এ মুহূর্তে এর চেয়ে ভাল অনুভূতি আর কী হতে পারে।”
এই চুক্তির ফলে বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি ও পর্যটন খাত বিকশিত হওয়ার আশা জানিয়ে তিনি বলেন, “ঢাকা-টোকিও যাত্রাপথের মাঝে ব্যাংককে যাত্রাবিরতি থাকায় ব্যাংকক থেকে দেশি-বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আসার সুযোগ সৃষ্টি হয়েছে।”
জাপান সফরে মেনন টেকনাফের সাবরাং এলাকায় প্রস্তাবিত ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে’ বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রদানের জন্য জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী কাজুও কিতাগাওয়া এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাজুইকি নাকানের সাথে আলোচনা করেন।
