বেতন দিতে সহযোগিতা চায় বিজিএমইএ
আসন্ন ঈদের আগে তৈরী পোশাক কারখানার মালিকরা যাতে শ্রমিকদের সময়মত বেতন-ভাতা দিতে পারে সেজন্য ব্যাংকগুলোর সহযোগিতা চেয়েছে বিজিএমইএ।
বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পোশাক কারখানার মালিকদের পক্ষে বিজিএমইএ এই সহযোগিতা চায় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানির কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি ও বর্তমান চ্যালেঞ্জগুলো ব্যাংকারদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, বিভিন্ন কারনে গত দুই মাসে পোশাক শিল্পে রপ্তানি প্রবৃদ্ধি কম হয়েছে। গত জুলাই মাসে পোশাক শিল্পে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র শুন্য দশমিক শুন্য ৭ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিলো ২৬ দশমিক ১৩ শতাংশ। একইভাবে গত আগষ্টে প্রবৃদ্ধি ৪ দশমিক ২৩ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিলো ৫ দশমিক ৫১ শতাংশ।
তবে কিছু আশার বিষয়ও উল্লেখ করেন আতিকুল ইসলাম।
তিনি জানান, যেসব ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে কিছু কিছু অর্ডার প্রতিযোগী দেশগুলোকে দেয়া শুরু করেছিলেন, সেইসব ক্রেতারা আবারও বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। ক্রেতারা বাংলাদেশের উদ্যোক্তাদের ৩০ বছরের অভিজ্ঞতাকে নতুন করে মূল্যায়ন করা শুরু করেছেন।
এ প্রেক্ষিতে আমরা আশা করছি আগামী নভেম্বরের পর থেকে অবস্থার উন্নতি হবে। বলেন বিজিএমইএ সভাপতি।
আতিক বলেন,“বর্তমানে কারখানাগুলোতে কাজ অনেক কম। এই পরিস্থিতির মধ্যেই পোশাক শিল্পের উদ্যোক্তাদেরকে আগামী মাসের ২ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের বেতন, ওভারটাইম ও ঈদ উল আযহা উপলক্ষে বোনাস প্রদান করতে হচ্ছে, যা অনেক উদ্যোক্তার পক্ষেই পরিশোধ করা যথেষ্ট কষ্টসাধ্য বিষয়।”
এই অবস্থায় যাতে করে সকল উদ্যোক্তার পক্ষে শ্রমিকদেরকে বেতন ও পাওনাদী পরিশোধ করা সম্ভব হয়, সে ব্যাপারে সম্ভাব্য সহযোগিতা প্রদানের জন্য বিজিএমইএ সভাপতি উপস্থিত ব্যাংকগুলোর প্রতিনিধিদেরকে অনুরোধ জানান।
ব্যাংকাররা পোশাক শিল্পকে সম্ভাব্য সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি শাহিদউল্লাহ আজিম, পরিচালক নাসির উদ্দিন, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক বিদিয়া অমৃত খান, সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি ফারুক হাসান, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কুদ্দুস, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিঞা, শাহজালাল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সেতাউর রহমান, ব্যাংক এশিয়ার উপ ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
