গ্রামীণফোনের ‘কাস্টমার ফার্স্ট’ অ্যাপ চালু
গ্রাহকদের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় সেবা দিতে গ্রামীণফোন কর্মীদের জন্য চালু করা হলো ‘কাস্টমার ফার্স্ট’ মোবাইল ফোন অ্যাপলিকেশন।
সহজে ব্যবহারযোগ্য ‘কাস্টমার ফার্স্ট’ অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন কর্মকর্তারা নিজেদের বন্ধু ও পরিবারের সদস্য ছাড়াও সাধারণ গ্রাহকদের বিভিন্ন সেবা সম্পর্কে নানা জিজ্ঞাসার উত্তর দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গ্রামীণফোন কর্মীরা যেন যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে তাদের মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে পারেন সেজন্যই এই অ্যাপ।
নতুন অ্যাপ সম্পর্কে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, “কাস্টমার ফার্স্ট অ্যাপের মাধ্যমে গ্রামীণফোনের সব কর্মকর্তা প্রতিষ্ঠানের দূত হিসেবে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়ার আমাদের অঙ্গীকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
‘কাস্টমার ফার্স্ট’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা গ্রামীণফোনের পণ্য, সেবা, ক্যাম্পেইন ও বিটিএল অফার, নেটওয়ার্ক সেবা, খবর এবং তথ্য জানতে পারবেন।
ভবিষ্যতে গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে তাদের অভিযোগও জানাতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
