২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিতকে নিয়ে প্রশ্ন ওঠায় ‘মর্মাহত’ এ কে আজাদ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সততা নিয়ে জনতা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান আবুল বারকাত প্রশ্ন তোলায় ‘মর্মাহত’ হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 02:58 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

পুরনো খবর:

মুহিতের সততা নিয়ে প্রশ্ন বারকাতের
‘মনের দুঃখে’ বারকাতের এসব কথা: মুহিত
বারকাতকে জবাব দেওয়ার ‘রুচি’ নেই মুহিতের

তিনি বলেছেন, “অর্থমন্ত্রী একজন সৎ মানুষ। তিনি নির্বাচন করেন। কারো কাছ থেকে টাকা নেন না। অনেক কষ্ট করে চলেন।

এ ধরনের একজন ‘সৎ মানুষকে’ উৎসাহিত না করলে ভালো লোকজন দেশের মঙ্গলে এগিয়ে আসতে ‘নিরুৎসাহিত হবে’ বলেও মন্তব্য করেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও হামিম গ্রুপের কর্ণধার আজাদ।

অর্থমন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার শাহজালাল ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি সরাসরি কারো নাম উল্লেখ না করে বলেন, “আজকের পত্রিকায় দেখলাম মাননীয় অর্থমন্ত্রীর সততা নিয়ে একজন প্রশ্ন তুলেছেন। এতে মর্মাহত হয়েছি।

“এই অর্থমন্ত্রীই আমাদের বাজেটের আকার ৮২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ কোটি টাকা করেছেন। রাজস্ব আদায় কয়েক গুণ বাড়িয়েছেন। রপ্তানি আয়, রেমিটেন্স, রিজার্ভসহ অন্যান্য সূচক বাড়িয়ে দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।”

এই ব্যবসায়ী নেতার বিশ্বাস, অর্থমন্ত্রীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেয়া হলে বাংলাদেশের অর্থনীতি ‘ডেনমার্কের মতো’ হতো।

অর্থমন্ত্রী মুহিতকে এ সময় মঞ্চে বসে মাথা নিচু করে আজাদের বক্তৃতা শুনতে দেখা যায়।

পরে নিজে বক্তৃতা দিতে দাঁড়িয়ে দেশের ব্যাংকিং খাতের সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) নিয়ে নানা কথা বললেও আজাদের মন্তব্যের বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে কোন কথা না বলেই চলে যান মুহিত।

 

অর্থমন্ত্রীর তদবির না শোনায় জনতা ব্যাংকের সিএসআর বন্ধ করে দেয়া হয়েছে বলে গত সোমবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন আবুল বারকাত। এর প্রতিক্রিয়ায় মুহিত মঙ্গলবার বলেন, মেয়াদ না বাড়ায় ‘মনের দুঃখে’ এসব কথা বলেছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান।

এরপর বুধবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপ্রীতি, তদবিরের অভিযোগ তোলার পাশাপাশি তাকে ‘মিথ্যাবাদী’ আখ্যায়িত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বারকাত।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি বারকাত আরো বলেন, বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগের আদর্শের প্রতি মুহিতের কোনো আনুগত্য নেই। তিনি বিদেশি সংস্থাগুলোর পক্ষে থাকেন। 

বারকাতের সব অভিযোগ বিরক্তির সঙ্গে উড়িয়ে দিয়ে বুধবার রাতে মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সততা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা বারকাতের নেই। শুধু বারকাত কেন, এই দেশের কারো নেই।

“বলেছে, সে বলুক। তার রুচি অনুযায়ী সে বলেছে। আমি কেমন, আমার সততা ও দেশপ্রেম কেমন- তা দেশবাসী জানে। বারকাত কী বলল, না বলল- তাতে আমার কিছু যায় আসে না। আমি তার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না ।”

বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কে আজাদ বলেন, “ব্যাংকিং খাতে কিছু সমস্যা আছে। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সমাধান হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করে রিপোর্ট দেয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে এসব সমস্যা দূর করা সম্ভব।”

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০০ অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেয় শাহজালাল ব্যাংক। অর্থমন্ত্রী মুহিত ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির টাকার চেক তুলে দেন।

এ সময় তিনি বলেন, “একটি জাতির সবচেয়ে ভালো বিনিয়োগ হলো শিক্ষা খাত। শিক্ষায় যে দেশ বেশি বিনিয়োগ করবে সে ততো বেশি উন্নতি করবে।”

সিএসআর- এর মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা করায় শাহজালাল ব্যাংকসহ অন্যান্য ব্যাংককে ধন্যবাদ দেন মন্ত্রী।

সমাজের বিত্তশালীদেরও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান মন্ত্রী।

রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বক্তব্য দেন।

শাহজালাল ইসলামী ব্যাংক ২০০৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়ে আসছে।