২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং বন্ধের দাবিতে প্রতিমন্ত্রীকে চিটাগাং চেম্বারের চিঠি

বন্দর নগরী চট্টগ্রামে লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 09:29 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ হারুণের সই করা ওই চিঠি বুধবার প্রতিমন্ত্রী নসরুল হামিদের বরাবরে পাঠানো হয় বলে এই ব্যবসায়ী সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম চিঠিতে বলেন, “জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় শিল্প কারখানার উৎপাদন অব্যাহত ও জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।”

চিঠিতে বলা হয়, চট্টগ্রামে দৈনিক বিদ্যুতের গড় চাহিদা অন্তত ৫০০ মেগাওয়াট। এই চাহিদা কোনো কোনো সময় বেড়ে সাড়ে ৭০০ মেগাওয়াট পর্যন্ত দাঁড়ায়। 

অথচ চট্টগ্রামে উৎপাদিত বিদ্যুৎ থেকে দৈনিক একশ থেকে দেড়শ মেগাওয়াট জাতীয় গ্রিডে নেয়া হয় উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন, গত ১০-১৫ দিন ধরে বন্দরনগরীতে বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে।

“চট্টগ্রামে তিনটি ইপিজেড, লৌহ, সিমেন্ট, শিপ ব্রেকিং, অনেকগুলো কেপিআই ও অনেক বৃহৎ শিল্প কারখানা রয়েছে। তাই দেশের অর্থনীতির স্বার্থে লোডশেডিং বন্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে।”

চট্টগ্রামে লোডশেডিং বন্ধে মাহবুবুল আলম বন্দরনগরীতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে না নেয়া, বিদ্যুৎ কেন্দ্রগুলো জরুরি ভিত্তিতে মেরামত এবং গ্যাস সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান।