সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স মঙ্গলবারের চেয়ে প্রায় ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৩ পয়েন্ট হয়েছে।
এ বাজারে হাতবদল হয় প্রায় ৬৩৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১১৫ কোটি টাকা বেশি।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৭৪৯ পয়েন্ট।
চট্টগ্রামে লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি টাকা; হাতবদল হয়েছে ৫৯ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে। কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছিল ৬৪ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি টাকার শেয়ার।
