নতুন পদ্ধতিতে আইপিও, হামিদ ফেব্রিকসে শুরু
হামিদ ফেব্রিকসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মধ্য দিয়ে শুরু হচ্ছে আইপিওর নতুন আবেদন পদ্ধতির পাইলট প্রকল্প।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের মাধ্যমে হামিদ ফেব্রিকস লিমিটেডের আইপিওতে আবেদন করতে হবে। এ কোম্পানির আইপিও থেকে পাইলট প্রকল্প শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৭৪টি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৭৩টি স্টক ব্রোকার পাইলট প্রকল্পে অংশ নেবে। অন্যদিকে ৩৭টি মার্চেন্ট ব্যাংকের গ্রাহকরাও নতুন পদ্ধতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আবেদন করতে পারবে।
এছাড়া ব্যাংকার টু দি ইস্যুর কাছেও আবেদনপত্র জমা দেওয়া যাবে।
তবে যেসব স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক পাইলট প্রকল্পে অংশ নিচ্ছে না, তাদের গ্রাহকরা বর্তমান পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।
আগের আইপিও ব্যবস্থায় সাবস্ক্রিপশন থেকে শেয়ার লেনদেন শুরু হওয়া পর্যন্ত সর্বোচ্চ সাত সপ্তাহ সময় লাগত। নতুন প্রক্রিয়া চার সপ্তাহের মধ্যে তা শেষ করা যাবে। পাশাপাশি লটারিতে যারা অসফল হবে, তাদের টাকা দ্রুত অ্যাকাউন্টে ফিরে আসবে।
