ন্যায্য বাণিজ্যের লড়াইয়ে ‘জুট ওয়ার্কস’ এর চার দশক
পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার লড়াই শুরুর চার দশক পূর্তি উদযাপনে দাঁড়িয়ে ‘অসমাপ্ত যুদ্ধ’ শেষ করার প্রত্যয় জানাল বেসরকারি সংগঠন ‘ক্রিশ্চিয়ান অর্গানাইজেশন ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন (কর)- দি জুট ওয়ার্কস’।
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ন্যায্য বাণিজ্যের নীতিতে’ ১৯৭৩ সালে যাত্রা শুরু করে এই অলাভজনক সংগঠন, যা বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের একটি ট্রাস্ট হিসাবে কাজ করছে।
দীর্ঘ পথ পরিক্রমায় সংগঠনটির অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসাদ এভিনিউয়ের সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হলো এর বর্ষপূর্তি অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি বেনেডিক্ট আলো ডি রোজারিও বলেন, “আমরা যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য। সেটা ছিলো রাজনৈতিক যুদ্ধ। স্বাধীন দেশ পেয়েছি, অর্থনৈতিক যুদ্ধ শেষ হয় নাই। সেটা চলছে।
দি জুট ওয়ার্কসের যাত্রা শুরু হয়েছিল মূলত যুদ্ধে স্বামী হারানো নারীদের হাতে তৈরি পাটের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানির মধ্য দিয়ে। তৎকালীন আর্চবিশপ ফাদার রিচার্ড উইলিয়াম টিম এ উদ্যোগ নেন। বর্তমানে সংগঠনটি ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অরগানাইজেশনের সদস্য।
ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড অরগানাইজেশনভুক্ত সংগঠন ও সংস্থাগুলো তাদের পণ্য সারা বিশ্বে বিক্রি করে ‘ফ্রেয়ার ট্রেড’ সিল দিয়ে। এর অর্থ হলো, পণ্য বিক্রি থেকে পাওয়া অর্থের একটি নির্দিষ্ট অংশ তারা ক্ষুদ্র চাষি বা উৎপাদকদের দিতে অঙ্গীকারাবদ্ধ।
কর-দি জুট ওয়ার্কস এর শুরুর দিনগুলোতে ফাদার টিমের সঙ্গে নারীদের সংগঠক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেন সিস্টার মেরি লিলিয়ান, যিনি সংগঠনটির আজীবন ট্রাস্টি। সঙ্গে ছিলেন সিস্টার মাইকেল ফ্রান্সিস ও প্রফেসর এম ওয়াজিউল্লাহ।
বাংলার নারীদের তৈরি পাটজাত হস্তশিল্প কিনে নিয়ে সে সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা অক্সফাম। এরপর দীর্ঘ সময় ধরে পাট, বেত ও বাঁশ এবং মাটির তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প ‘ফেয়ার ট্রেড পলিসি’ বা ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে বিশ্বব্যপী রপ্তানির ব্যবস্থা করে আসছে অলাভজনক এ সংগঠন।
দি জুট ওয়ার্কস ট্রাস্টির আজীবন সদস্য ফাদার টিম অনুষ্ঠানে বলেন, “যখন এ ট্রাস্ট শুরু হয় তখন সবাই অনিশ্চিত ছিল, তবে প্রত্যেকেই আশাবাদী ছিল।”
একসময় কারিতাসে কাজ করার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রতিমন্ত্রী।
এই পথ পরিক্রমায় সহায়তা দিয়ে যাওয়ার জন্য দেশে-বিদেশে কারিতাসের অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন বেনেডিক্ট আলো ডি রোজারিও।
কর-দি জুট ওয়ার্কস এর চল্লিশ বছর পূর্তির এই অনুষ্ঠান শুরু হয় ৪০টি মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে। এরপর সংগঠনটির প্রথম দিকের সামগ্রী নির্মাতা নারী এবং দেশি-বিদেশি বন্ধু ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান পরিচালক বার্থা গীতি বারোই। অন্যদের মধ্যে আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও ও বিশপ থিওটোনিয়াস গোমেজ অনুষ্ঠানে বক্তব্য দেন।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় জুট ওয়ার্কস পরিবারের বর্ষপূর্তির এ আয়োজন।
