২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় টেক্সটেক প্রদর্শনী শুরু

বস্ত্র ও পোশাক শিল্পের অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে পঞ্চদশ আন্তর্জাতিক টেক্সটেক বাংলাদেশ প্রদর্শনী বুধবার শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 06:53 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি ইউন ইয়াং, বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম, বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ছাড়াও পোশাক শিল্পের উদ্যোক্তা ও মেশিনারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রযুক্তি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির এই প্রদর্শনীর সহযোগী প্রদর্শনী হিসাবে রয়েছে আরো তিনটি প্রদর্শনী।

এগুলো হল- আন্তর্জাতিক টেক্সটাইল অ্যাপারেল টেকনোলজি ও মেশিনারি প্রদর্শনী, ৮ম ঢাকা ইয়ার্ন ও ফেব্রিক প্রদর্শনী এবং ১৮তম ডাইকেম বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী।

সেমস গ্লোবাল’র উদ্যোগে এই টেক্সটেক প্রদর্শনীতে ১৫টি দেশের ৫০০ ব্যবসায়ী অংশ নিচ্ছেন।

বিকেএমইএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রদর্শনী এদেশের অ্যাপারেল শিল্পকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে সহায়তা করবে।

প্রদর্শনীটি বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্য সাড়ে ৭টা পর্যন্ত চলবে।