২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের যন্ত্রপাতি প্রদর্শনী ৩ সেপ্টেম্বর থেকে

আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৫তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনীর আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেমস গ্লোবাল।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা জানিয়েছে, বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের প্রযুক্তি ও যন্ত্রপাতির এই প্রদর্শনী চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।

তিনি বলেন, “এই প্রদর্শনীতে বিশ্বের ১৫টি দেশের প্রায় ৫০০ প্রতিষ্ঠান অংশ নেবে। এদের মধ্যে আন্তর্জাতিক বাজারের জন্য সুতা ও কাপড় উৎপাদক এবং রপ্তানিকারকরা থাকবেন।”

এই প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়া চীন, জার্মানি, হংকং, ভারত, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির অংশ নেয়ার কথা জানান তিনি।

বস্ত্র শিল্পের যন্ত্রপাতি, এম্ব্রয়ডারি যন্ত্রপাতি, তৈরি পোশাক শিল্পের যন্ত্রপাতি, তৈরি পোশাক শিল্পের এক্সেসরিজ, নিটিং শিল্পের যন্ত্রপাতি, সেলাই মেশিনসহ বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় পণ্য ও সেবা থাকবে এই প্রদর্শনীতে।

এই প্রদর্শনীর সাথে আরও দুটো প্রদর্শনীও হবে বলেও জানান মেহেরুন এন ইসলাম।

“আমরা এক ছাদের নীচে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের সব ব্যবস্থা নিয়ে আসতে চাই। এজন্য টেক্সটেকের পাশাপাশি একই সাথে আরও দুটো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”

প্রদর্শনী দুটো হচ্ছে অষ্টম ঢাকা ইয়ার্ন ও ফেব্রিক এক্সপো-২০১৪ এবং ১৮তম ডাইকেম বাংলাদেশ প্রদর্শনী।

সুতা, কাপড় ও এর প্রয়োজনীয় রং ও কেমিক্যাল এবং প্রযুক্তি প্রদর্শন করা হবে এই দুটোতে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের গ্রুপ সিইও এস এস সারওয়ার, মহাব্যবস্থাপক(বিপণন) আহবাব আহমেদ সোবহান, মহাব্যবস্থাপক(প্রশাসন) লুৎফর রহমান, ঊর্ধ্বতন ব্যবস্থাপক আবু নঈম মো. শরীফ প্রমুখ।