রাজনীতি না হলে জিএসপি পাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) নিয়ে রাজনীতি না হলে বাংলাদেশ এই সুযোগ পাবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার রাজধানীতে সাংবাদিকতা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তোফায়েল বলেন, “বর্তমানে কোনো দেশের পণ্যই আমেরিকার বাজারে জিএসপি সুবিধা পাচ্ছে না। ২০১৩ সালের জুলাইয়ে জিএসপির মেয়াদ শেষ হয়েছে। জিএসপি সুবিধা নবায়ন করা হলে আমাদের তা না পাওয়ার কোনো কারণ নেই, যদি না এর মধ্যে রাজনীতি আনা হয়।”
বাণিজ্যমন্ত্রী বলেন,“জিএসপি ফিরে পাওয়ার জন্য আমেরিকা যেসব শর্ত দিয়েছিলো তার অধিকাংশ পূরণ করা হয়েছে, যা দু-একটি বাকী আছে সেগুলো সময়সাপেক্ষ, তবে বাস্তবায়নাধীন।”
তিনি বলেন,“কোনভাবেই অস্বীকার করার উপায় নেই ২০১৩ সালে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিলো। তারমমধ্যে দিয়েও রপ্তানি আয় বেড়েছে। বাংলাদেশ তৈরী পোশাক রপ্তানিতে বিশ্বে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। এসব কারণেই নানান দিক থেকে তৈরী পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র আছে।”
প্রতিবেদকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অর্থনীতি বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ইআরএফের সদস্যদের জন্য বেইলি রোডে প্রেস ইনসিস্টটিউট অব বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সাবেক এই প্রেস সচিব বলেন, “শান্তি ও সমৃদ্ধির সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনার প্রশিক্ষণের মাধ্যমে যা শিখলেন তা লেখনির মাধ্যমে তুলে ধরবেন।”
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর, ইআরএফের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ বাদল।
কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন প্রতিবেদক অংশ নেন।
