থ্রি জি গ্রাহক ৪৯ লাখ
চলতি বছর জুলাই মাস পর্যন্ত থ্রি জি গ্রাহক সংখ্যা বেড়ে ৪৮ লাখ ৪৫ হাজার হয়েছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
গত নভেম্বর পর্যন্ত দেশে থ্রি জি গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৭ লাখ ৬৯ হাজার। এ হিসাবে গত ৮ মাসে দেশে থ্রি জি গ্রাহক সংখ্যা প্রায় ৬ গুণ বেড়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
গত বছরের অগাস্ট পর্যন্ত মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার।
গত জুলাই পর্যন্ত বাংলাদেশে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৫২ হাজারে পৌঁছেছে বলে জানায় বিটিআরসি।
গত বছর ৮ সেপ্টেম্বর থ্রি জি নিলামের মাধ্যমে ৪টি বেসরকারি মোবাইল ফোন অপারেটরকে থ্রি জি লাইসেন্স দেয়া হয়।
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক ২০১২ সালের অক্টোবর থেকে গ্রাহক পর্যায়ে থ্রি জি সেবা দিয়ে আসছে।
ইতোমধ্যে লাইসেন্স পাওয়া অপারেটর সব বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে তাদের নেটওয়ার্ক বিস্তারের কাজ সম্পন্ন করেছে বলেও জানায় বিটিআরসি।
