২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন এবং সূচক বেড়েছে। আর পুরো সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 04:55 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৬৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় ১৩৯ কোটি টাকা বেশি।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২৭ পয়েন্ট বেড়ে  ৪ হাজার ৫৫৫ পয়েন্ট হয়।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৭৮টিরই দাম কমেছে। দাম বেড়েছে ৮২টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ৩৮টি শেয়ারের দাম।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৯৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, ডিএসইএক্স সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৫২৭ পয়েন্ট।

সপ্তাহের দ্বিতীয়দিন সোমবার ঢাকার পুঁজিবাজারে ৭৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ছিলো ছয়মাসের মধ্যে সর্বোচ্চ। তবে মঙ্গলবার ও বুধবার টানা দুইদিন ডিএসইতে সূচক ও লেনদেন পড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৮ পয়েন্ট হয়েছে। সারা দিনে লেনদেন হয়েছে প্রায় ৪৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।

চলতি সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৭২ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে ৫৯ পয়েন্ট সূচক বাড়ে এবং গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।