সরকারকে ৬৯ কোটি টাকা লভ্যাংশ দিল তিন প্রতিষ্ঠান
গত অর্থবছরের লভ্যাংশ হিসাবে ৬৯ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকা সরকারকে জমা দিয়েছে রাষ্ট্রায়াত্ত তিন প্রতিষ্ঠান।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ইনভেসমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পক্ষ থেকে বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।
ইডকলের চেয়ারম্যান ও ইআরডি সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন প্রতিষ্ঠানটির ১০৩ কোটি ৫৩ লাখ টাকার মুনাফা থেকে ১৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীকে দেন।
আইসিবি পরিচালনা পর্যদের সদস্য কাজী শফিকুল আজম ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ৪৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
তিন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মুহিত বলেন, “সরকারি তিনটি প্রতিষ্ঠান থেকে চেক পেলাম, এটা খুশির বিষয়। আমরা শুধু লস করি না। মাঝেমধ্যে লাভও করি।”
মুহিত বলেন, “লোকে বলে সরকার ব্যবসা করতে জানে না। বেশি ব্যবসা করাও ভালো নয়।”
বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের যে অবস্থা তাতে আরো বেশি বিদেশি বিনোয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী।
“জ্বালানি ও যোগাযোগ খাতে বৈদেশিক বিনিয়োগ আসে, এই বিনিয়োগের বহুমুখীকরণ দরকার। ম্যানুফ্যাকচারিং খাতেও বিদেশি বিনিয়োগ আসা দরকার।”
অন্যদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, অর্থ সচিব মাহবুব আহমেদ ছাড়াও তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
