স্থলবন্দর উন্নয়নে চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন
বাংলাদেশের স্থলবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইসকাপ-ESCAP) প্রণীত ‘ইন্টারগভার্নমেন্ট অ্যাগ্রিমেন্ট অন ড্রাই পোর্টস’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যে সব স্থলবন্দরে অন্য দেশের সঙ্গে যোগাযোগের বিষয় আছে, সেগুলোর উন্নয়নে আন্তজার্তিক মানের কিছু নীতি অনুসরণের কথা রয়েছে এই চুক্তিতে।
“বাংলাদেশ ইতোমধ্যে স্থলবন্দর উন্নয়নে এসব নীতি অনুসরণ করছে, তাই বাস্তবে অতিরিক্ত দায় আমাদের ওপর বর্তাবে না।”
এই চুক্তি সই করা হলে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক বাস্তবায়নে সহায়ক হবে এবং স্থল বন্দর উন্নয়নে অন্যদের সহযোগিতা পেতে সহজ হবে, বলেন মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশীয় অঞ্চলের পরিবহন মন্ত্রীদের বৈঠকে ইসকেপ সদস্য দেশগুলোর স্থলবন্দরগুলোকে আন্তর্জাতিকমানে উন্নীত করার বিষয়ে একটি চুক্তির খসড়া তৈরির উদ্যোগ নেয়া হয়।”
“২০১৩ সালে ইসকেপ অধিবেশনে এই চুক্তির খসড়া রেজোলিউশন আকারে অনুমোদন হয়। এর পর তা স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। ইতোমধ্যে এশিয়া অঞ্চলের ১৫টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে।”
“ইসকেপ সদস্য বাংলাদেশ এ চুক্তিতে স্বাক্ষর করবে এবং এ চুক্তি সাক্ষরের পর বাণিজ্য ও যোগাযোগে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্ত্রিসভা বিশ্বাস করে,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।
আখাউড়া, বিবিরবাজার, হিলি, সোনামসজিদ, বাংলাবান্ধা, বিলোনিয়া, তামাবিল, বেনাপোল, বুড়িমারি, টেকনাফ, ভোমরা, রামগড় বন্দর উন্নয়নের কথা এ চুক্তিতে বলা হয়েছে বলে জানান মোশাররাফ হোসাইন।
চুক্তিতে স্থলবন্দরগুলোতে অবকাঠামো তৈরি, ওয়ার হাউজিং, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কাস্টমস কন্ট্রোল, মালিকানার ধরন (সরকারি বা বেসরকারি), ডিজাইন লে আউট, সিকিউরিটি, আইসিটি সিস্টেমস ইত্যাদি করার কথা বলা হয়েছে।
