প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিকেএমইএ নির্বাচন
সমঝোতার ভিত্তিতে নিট পোশাক শিল্প মালিকদের এই সংগঠনে নতুন নেতৃত্ব আসছে।
বৃহস্পতিবার ছিল ২০১৪-১৬ মেয়াদের এই নির্বাচনের মনোনয়ন পত্র তোলার শেষ দিন।
শেষ দিনে বিকেএমইএ’র বর্তমান সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমান এবং সহ-সভাপতি আসলাম সানি সমর্থিত প্যানেলের ২৭ জনের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঁচ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সেলিম ওসমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার আসলে সমঝোতার ভিত্তিতে বিকেএমইএ নির্বাচন হবে। এ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না।
“আমাদের প্যানেলের ২৭ জনের বাইরে যে পাঁচ জন মনোনয়ন পত্র তুলেছেন তারাও আসলে আমাদেরই লোক। ২৭ জনের মধ্যে দু-এক জনের মনোনয়ন পত্র পূরণ ভূল-ক্রুটি হতে পারে- এ আশংকা থেকে বাড়তি পাঁচ জন মনোনয়ন পত্র তুলেছেন।”
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২৭ জন ছাড়া বাকিরা প্রত্যাহার করে নেবেন বলে জানান গত জুনে উপ নির্বাচনে নির্বাচিত এই সংসদ সদস্য।
বিকেএমইএ নির্বাচন বোর্ডের সচিব সুলভ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন পত্র বিতরনের শেষ দিনে বর্তমান সভাপতি একেএম সেলিম ওসমান এমপি এবং সহ-সভাপতি এ এইচ আসলাম সানি সমর্থিত প্যানেলের সর্বমোট ২৭জন প্রার্থী স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচন তফসিল ও বাণিজ্য সংগঠন বিধি মোতাবেক বিকেএমইএ নির্বাচন বোর্ডের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও স্বতন্ত্র হিসেবে আরো পাঁচ জন ভোটার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১০ অগাস্ট মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত দিন।
সেলিম ওসমান টানা দুই বার বিকেএমইএ’র সভাপতির দায়িত্ব পালন করছেন।
তৃতীয়বারের মতো সভাপতি হবেন কীনা- এ প্রশ্নের উত্তরে সেলিম ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার ব্যস্ততা বেড়ে গেছে। এখন আমি আগের মতো বিকেএমইএতে সময় দিতে পারবো না। সে কারণেই দায়িত্ব নিতে চাচ্ছি না।
তবে সবাই অনুরোধ করছে। দেখা যাক কী হয়।এখনও সময় আছে।”
এর আগেও সমঝোতার ভিত্তিতে বিকেএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
তবে গত দুই বারই সরাসরি নির্বাচন হয়েছে। ঐ দুই নির্বাচনে অন্য প্যানেলের নেতৃত্ব দিয়েছেন বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক।
৩০ অগাস্টের নির্বাচনের পর ২৭ জন পরিচালক একজন সভাপতি ও দুই জন সহ-সভাপতি নির্বাচন করবেন।
