প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার এনওসি বাতিল
কয়েক দফা চিঠি চালাচালির পর প্রাইম ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার অনুমোদন (এনওসি) বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে এনওসি বাতিলের কথা জানানো হয়েছে।
মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট নিয়োগের জন্য সারাদেশ থেকে সিকিউরিটি মানির ২৫ কোটি টাকা ফেরত দিতে টালবাহানা করায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রাইম ব্যাংককে দেয়া চিঠিতে বলা হয়েছে, “মোবাইলে আর্থিক সেবা দেয়ার জন্য প্রাইম ব্যাংক মনোনীত সলিউশন প্রোভাইডার এসএমজি ইনফোকম লিমিটেড কর্তৃক সংঘটিত অনিয়মের বিষয়ে ব্যাংকের বক্তব্য বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। ফলে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস’ নীতিমালার ৭ ধারার উপধারা ১ এর ৮ অনুচ্ছেদ অনুযায়ী মোবাইলে আর্থিক সেবা পরিচালনা সংক্রান্ত অনাপত্তি প্রত্যাহার করা হলো।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রাইম ব্যাংক মোবাইল ব্যাংকিং পরিচালনার এনওসি নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান এসএমজি ইনফোকম লিমিটেডকে এ সেবার ব্যবস্থাপনা দায়িত্ব দেয়। এসএমজি সারাদেশের এজেন্ট হতে ইচ্ছুক প্রতিনিধিদের কাছ থেকে সিকিউরিটি মানি হিসেবে ২৫ কোটি টাকা জমা নেয়।
কিছু দিন মোবাইল ব্যাংকিং সেবা দেয়ার পর প্রতিষ্ঠানটি হঠাৎ করে কার্যক্রম বন্ধ রাখে। প্রথমে এজেন্টদের বলা হয়- কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে সেবা বন্ধ রয়েছে, শিগগিরই আবার চালু হবে।
এরপর কয়েক মাস এজেন্টদের সঙ্গে আর যোগাযোগ করেনি এসএমজি। পরে সেবা চালু অথবা টাকা ফেরত চেয়ে প্রাইম ব্যাংকের কাছে আবেদন করেন এজেন্টরা।
তবে ব্যাংক টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এরপর এ নিয়ে বেশ কয়েকজন এজেন্ট অভিযোগ করেন কেন্দ্রীয় ব্যাংকে। অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করে ২৫ কোটি টাকা আত্মসাতের সত্যতা খুঁজে পায় বাংলাদেশ ব্যাংক।
প্রাইম ব্যাংক মনোনীত প্রতিষ্ঠান এজেন্টদের থেকে সিকিউরিটি মানি নেয়ার ফলে অর্থ ফেরত অথবা মোবাইল ব্যাংকিং সেবা চালুর নির্দেশনা দিয়ে কয়েক দফা চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
তবে প্রতিবারই প্রাইম ব্যাংক জানায়, এজেন্টদের থেকে টাকা তারা নিজেরা নেয়নি বলে তা তারা ফেরত দেবে না।
