২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবার আংশিক বেতন এক সপ্তাহের মধ্যে: বিজিএমইএ

চার দিন ধরে অনশন চালিয়ে আসা তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার আংশিক পরিশোধের জন্য আরো এক সপ্তাহ সময় চাইল গার্মেন্ট মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2014, 07:11 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

পুরনো খবর:

‘মইরা গেলেও মনে হয় বেতন পামু না’
‘লাইলী আন্টি ভাল আছেন’
বিজিএমইএ ‘দুঃখিত’, অনশনে অসুস্থ তোবাকর্মীরা

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, এক সপ্তাহের মধ্যে তোবার শ্রমিকদের বকেয়া পাওনার আংশিক তারা পরিশোধ করার চেষ্টা করবেন।

অনশনে থাকা শ্রমিকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে কচি বলেন, “আপনাদের দাবির সঙ্গে আমরা একমত। একটু ধৈর্য ধরুন। আমাদের একটু সময় দিন।”

কিভাবে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে জানতে চাইলে তিনি বলেন, তোবা গ্রুপের এলসির বিপরীতে ব্যাংক থেকে ১ কোটি ২০ লাখ টাকা পিসি (প্যাকিং ক্রেডিট) পাওয়া যাবে বলে তারা হিসাব করে দেখেছেন। ওই অর্থ দিয়ে শ্রমিকদের দুই মাসের পাওনা পরিশোধ করা যাবে।

পর্যায়ক্রমে বাকি টাকাও মেটানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন এই বিজিএমইএ নেতা।

তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন হয়ে গেলেও সমস্যা মিটে যাবে বলেও আশা প্রকাশ করেন কচি।

বিজিএমইএ ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি টিপু মুন্সী ও আব্দুস সালাম মুর্শেদীও উপস্থিত ছিলেন।

টিপু মুন্সী বলেন, ঈদের আগে বকেয়া পরিশোধের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হলেও তা সম্ভব হয়নি।

পাওনা টাকা নিয়ে শ্রমিকদের এই ভোগান্তির জন্য বিজিএমইএর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

দেড় বছর আগে তোবা  গ্রুপের কারখানা তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে শতাধিক শ্রমিক নিহত হন। অব্যস্থাপনার মাধ্যমে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে কারখানা মালিক দেলোয়ার হোসেন বর্তমানে কারাগারে।

তাজরীন ফ্যাশনস ছাড়া তোবা গ্রুপের অন্য পাঁচটি কারখানা সচল রয়েছে। এসব কারখানায় ১ হাজার ৬০০ শ্রমিক কাজ করেন।

মে, জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে কয়েকদিন আগে থেকেই বিক্ষোভ করে আসছিলেন এই শ্রমিকরা। বিজিএমইএ বকেয়া পরিশোধের জন্য কয়েক দফা সময় দিয়েও ব্যর্থ হলে শ্রমিকদের আন্দোলন ঈদের আগের রাত থেকে অনশনে গড়ায়।

গত ২৩ জুলাই তোবার পাঁচটি কারখানার শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনের সড়কে বিক্ষোভ করার পর সংগঠনের লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আহাদ আলী আনসারি বলেছিলেন, বকেয়া পরিশোধের জন্য ব্যাংকে টাকা দেয়া হলেও তোবা গ্রুপেরই অন্য একটি কারখানা ‘চালাকি করে’ ওই টাকা ব্যাংক থেকে নিয়ে যায়। ফলে আন্দোলনে থাকা পাঁচ কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি।

বিজিএমএইএর সহসভাপতি মান্নান কচি বলেন, তোবা গ্রুপের কারখানাগুলোয় প্রতি মাসে শ্রমিকের বেতন-ভাতা দিতে হয় প্রায় আড়াই কোটি টাকা।

“কিন্তু এর মালিক কারাগারে থাকায় অনেক বিদেশি ক্রেতাই সেখানে কার্যাদেশ দিচ্ছে না। আবার শেয়ারড ভবনে (একই ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ভাগাভাগি করে কাজ করা) কারখানা হওয়ায় ঠিকা কাজও পাচ্ছে না। ফলে আর্থিক সঙ্কটে পড়ে তোবা গ্রুপ। এর কারণেই শ্রমিকের বেতন-বোনাস হয়নি।”

তিনি বলেন, ঈদের আগে অন্তত এক মাসের বেতন দিতে বিজিএমইএ চেষ্টা করা হলেও মালিক কারাগারে থাকায় এবং ব্যাংক থেকে সহযোগিতা না পাওয়ায় শেষ পর্যন্ত তা দেয়া সম্ভব হয়নি।

এক প্রশ্নের জবাবে মান্নান কচি বলেন, “আমরা কিন্তু সরকারকে এক মাস আগেই বলেছি, তোবার মালিক কারাগারে আছেন। এখানে সমস্যা হতে পারে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন।”

কারাগারে থাকা দেলোয়ারকে মুক্ত করতে পরিস্থিতি এই পর্যায়ে নেয়া হয়েছে কি না- প্রশ্ন করা হলে বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সী বলেন, “উনি (দেলোয়ার) বের হলেই টাকা পাওয়া যাবে, আমরা কিন্তু সেটা বলছি না।

“আমরা বলছি, ব্যাংক একটু সহায়তা করলেই টাকা পাওয়া যাবে। রপ্তানির কার্যাদেশের বিপরীতে ১৫ শতাংশ প্যাকিং ক্রেডিট (ঋণ) পাওয়া যায়। কিন্তু ব্যাংক থেকে পাওয়া গেছে এর অর্ধেক। পুরোটা পেলে শ্রমিকদের বেতন-বোনাস দিয়ে দেয়া যেত।”

এই প্রসঙ্গে রপ্তানিকারকদের সমিতি ইএবির সভাপতি সালাম মুর্শেদী বলেন, “ব্যাংক কিন্তু সব সময় ব্যবসাকে টাকা দেয় না। অনেক সময় এর পেছনের মানুষটাকেও দেখে।”