আটশ’র বেশি কারখানা পরিদর্শন করেছে অ্যাকর্ড
জুন পর্যন্ত আটশর বেশি কারখানার ভবন নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছে ইউরোপের পোশাক আমদানিকারক ও ট্রেড ইউনিয়নের জোট- অ্যাকর্ড।
গত ২৩ জুলাই এই জোটের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই বাংলাদেশের দেড় হাজার কারখানার পরিস্থিতি পরিদর্শনের কাজ শেষ করা সম্ভব হবে বলে অ্যাকর্ড আশা করছে।
পরিদর্শনের কাজ করতে গিয়ে অ্যাকর্ড যে তহবিল স্বল্পতার মুখোমুখি হয়েছে, সেকথাও বলা হয়েছে এই প্রতিবেদনে।
ঘাটতি মোকাবিলায় সদস্যদের কাছ থেকে অতিরিক্ত অর্থ চেয়ে পরবর্তী বছরগুলোর চাঁদার সঙ্গে ওই অতিরিক্ত অর্থ সমন্বয় করে নিতে বলেছে অ্যাকর্ড।
গত বছর এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে অন্তত ১১৩০ জনের মৃত্যুর পর ইউরোপীয় তৈরি পোশাক ব্র্যান্ডগুলো বাংলাদেশের পোশাক কারখানাগুলোর ভবন ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তিতে সই করে, যা অ্যাকর্ড নামে পরিচিত।
ওই চুক্তির আওতায় বাংলাদেশি পোশাকের আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো কারখানা মালিকদের ভবন সংস্কারের অর্থ যোগাবে। পাশাপাশি কারখানা মালিকদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে।
অ্যাকর্ডের বার্ষিক প্রতিবেদনের আর্থিক অংশটি বিশ্লেষণ করে দেখা যায়, জোটের মোট বার্ষিক ব্যয়ের দুই-তৃতীয়াংশই কর্পোরেট ও ব্যক্তি খাতে খরচ হয়েছে। আবার ব্যক্তি খাতের খরচের প্রায় ৮০ শতাংশ ব্যয় হয়েছে বিদেশিদের বেতন ও পরামর্শ ফি দেয়ার জন্য।
আর প্রথম বছর কারখানা পরিদর্শনের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হলেও এ বাবদে খরচ হয়েছে মোট ব্যয়ের মাত্র ২১ শতাংশ।
এর আগে গত মার্চে অ্যাকর্ডের এক প্রতিবেদনে বাংলাদেশের ১০টি পোশাক কারখানার ভবন কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিগুলো প্রকাশ করা হয়। পাশাপাশি সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশও করা হয় ওই প্রতিবেদনে।
অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লোয়েন সে সময় এক সংবাদ সম্মেলনে বলেন, সব কারখানার ত্রুটি প্রায় একই রকম। অনেক ভবনে কাঠামোগত সমস্যা থাকার পাশাপাশি ক্ষমতার চেয়ে বেশি ওজনের পণ্য ও যন্ত্রপাতি রাখা হয়েছে। বৈদ্যুতিক তারের সংযোগগু যথেষ্ট নিরাপদ নয়, অনেক কারখানায় ফায়ার অ্যালার্মও তারা পাননি।
