বাড়ছে মসলার দর
রোজার শুরুতে রাজধানীর বাজারগুলোয় প্রায় সব ধরনের সবজির দাম বাড়লেও ধীরে ধীরে তা কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। তবে ঈদ সামনে রেখে চড়তে শুরু করেছে মসলার দাম।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গোপীবাগ, মানিকনগর, মুগদা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- বেগুন, শশা, কাঁচা মরিচ, আলুসহ অন্য সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে।
এসব বাজারে প্রতি কেজি গোল বেগুন ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৫০ টাকার কমে পাওয়া যায়নি। আর প্রতিকেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
এছাড়া গত সপ্তাহের তুলনায় দাম কমে প্রতি কেজি শশা ৩০-৪০ টাকা, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, আলু ২০-২৫ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কাকরোল ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা এবং বরবটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মসলার বাজারে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, জিরা, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনির দাম বেড়েছে।
প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৩৫ থেকে ৪২ টাকা, আমদানি করা পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে সব ধরনের পেঁয়াজেরই সর্বনিম্ন দাম ছিল কেজি প্রতি ৪০ টাকা।
ভারত ৩০ জুন পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে প্রতি টন ৫০০ ডলার নির্ধারণ করার পর থেকেই বাংলাদেশের বাজারে দর ঊর্ধ্বমুখী।
এছাড়া প্রতি কেজি রসুন ৮০ থেকে ৯০ টাকা, আদা মানভেদে ১৬০ থেকে ২৫০ টাকা, হলুদ ১৩০ থেকে ১৮০ টাকা, শুকনো মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা, জিরা ২৯০ থেকে ৩৫০ টাকা, তেজপাতা ১৭০ থেকে ১৮০ টাকা এবং দারুচিনি ২৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক মাসের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম ১১৫ শতাংশ, দেশি পেয়াজের দাম ৭৭ শতাংশ, রসুনের দাম ১৬ শতাংশ, শুকনো মরিচ ৪০ শতাংশ, হলুদ ৭৮ শতাংশ, আদা ৪০ শতাংশ এবং জিরার দাম ২ শতাংশ বেড়েছে।
আতাউর রহমানের দোকানে মসলা কিনতে এসেছিলেন সরকারি চাকরিজীবী মোক্তারা হোসেন।
তিনি বলেন, “সরকার বাজার নিয়ন্ত্রণ বলতে কিছু অতিপ্রয়োজনীয় পণ্য- যেমন ভোজ্যতেল, চিনি এসব নিয়ে কাজ করছে। কিন্তু এর বাইরেও যে মানুষের দৈনন্দিন চাহিদার বিশাল অংশ রয়েছে সেদিকে মনোযোগ নেই। ফলে এসব পণ্যের দাম বাড়ার কোনো জবাবদিহিতা কোনো পর্যায়ে কাউকে করতে হয় না।”
তিনি টিসিবিকে ব্যবসা বন্ধ করে বাজার নিয়ন্ত্রণে কাজ করার মত প্রতিষ্ঠান হিসেবে তৈরির পরামর্শ দেন।
