২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর আদায়ে বাড়াবাড়ি নয়: মন্ত্রী

জাতীয় মূসক দিবসের অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছ থেকে এনবিআরের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ পেয়ে রাজস্ব আদায়কারী সংস্থাকে ‘বাড়াবাড়ি’ না করার নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 10:40 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

তিনি বলেছেন, “করদাতাদের সঙ্গে ভালো আচরণ করে তা আদায় করতে হবে। এজন্য প্রয়োজনে আইন বা নিয়মেরও পরিবর্তন করতে হবে।”

বৃহস্পতিবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় মূসক দিবস-২০১৪ এবং সর্বোচ্চ মূসক প্রদানকারীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, এনবিআরের কমিশনার লুৎফর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা এনবিআরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক হাসান বলেন, “ঈদ মৌসুমের বেচাকেনা যখন বাড়ছে, তখন রাজধানীর বিভিন্ন দোকানে গিয়ে নথি জব্দ করেছেন মূসক কর্মকর্তারা।”

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা এসময় হাততালি দিয়ে তার অভিযোগের সঙ্গে একমত প্রকাশ করেন।

বগুড়ার সৈকত হোটেলের চেয়ারম্যান ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এম রেজাউল করিম সরকার বলেন, “বাংলাদেশে এখনো কর দেয়ার সংস্কৃতি গড়ে ওঠেনি। আমরা হলাম মূসক সংগ্রহকারী। সেবা গ্রহণকারীর কাছ থেকে মূসক আদায় করে তা এনবিআরকে দিই।

“কিন্তু রেস্তোরাঁয় খেতে এলে আমরা জোর করে তাদের (সেবা গ্রহণকারী) কাছ থেকে মূসক আদায় করতে পারি না। তাহলে বছরের পর বছর কেন আমরা এনবিআরকে মূসক দেব? এটা তো আমাদের দেয়ার কথা নয়।”

ব্যবসায়ীরা বলেন, দেশের মানুষের ওপর করের বোঝা না বাড়িয়ে কর আদায় করতে হবে। করের বিষয়ে যাতে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি না হয়, সে বিষয় বিবেচনায় রেখে মানুষকে কর সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

করদাতারা যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর দিতে সরকারের দৃষ্টি প্রত্যাশা করেন তারা।

পরে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এনবিআরে প্রতি ব্যবসায়ীদের হয়রানি না করার নির্দেশ দিয়ে বলেন, “রোজার মাসে খাতাপত্র নিয়ে যাওয়া হয়- এগুলোর ব্যাপারে আরো যত্নবান হতে হবে।

“এনবিআর যেন বাড়াবাড়ি না করে। ব্যবসায়ী ও এনবিআর কর্মকর্তাদের মধ্যে যেন মধুর সম্পর্ক থাকে- সেই চেষ্টা করতে হবে।”

অনুষ্ঠানে ব্যবসায়ীদের আশ্বস্ত করে এনবিআর সদস্য ফরিদউদ্দিন বলেন, “কোনো ধরনের হয়রানি শিকার হলে সরাসরি এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব।”

এনবিআর আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ মূসক প্রদানকারী ১২২টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।

উৎপাদন, সেবা ও ব্যবসা- এই তিন ক্যাটাগরিতে জাতীয় ও জেলা পর্যায়ের এসব প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।

জাতীয় পর্যায়ে এবার সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- উৎপাদন ক্যাটাগরিতে হবিগঞ্জের রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট লিমিটেড, মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ গ্যাসফিল্ড প্রজেক্ট লিমিটেড ও বাংলাদেশ পেট্রলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন লিমিটেড।

আরএফএল প্লাস্টিকস লিমিটেড, টিইউভি এসইউডি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড ও ন্যাশনাল টেলিভিশন লিমিটেড সম্মাননা পেয়েছে সেবা ক্যাটাগরিতে। আর ব্যবসা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে হুওয়াই টেকনোলজিস বিডিস লিমিটেড, মেসার্স এম এম ইস্পাহানী ও ব্র্যাক আড়ং।

জেলা পর্যায় থেকে সম্মাননা পেয়েছে ১১৩টি প্রতিষ্ঠান। এছাড়া অনুষ্ঠানে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা জেলার ২৭ জন মূসকদাতাকে সম্মাননা দেয়া হয়।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে রাজস্ব ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গত তিনবছর ধরে ১০ জুলাই মূসক দিবস পালন করছে এনবিআর।

গত ২০১২-২০১৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় ছিল এক লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে মূসক থেকে এসেছে ৪০ হাজার কোটি টাকা, যা মোট রাজস্ব আদায়ের ৩৬ দশমিক ৩৬ ভাগ।

চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা।