বাংলালিংকে সিম্ফনির থ্রিজি সেট
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ও সিম্ফনি গ্রাহকদের জন্য প্রথমবারের মতো সহনীয় দামে থ্রিজি স্মার্টফোন ‘প্লে ডব্লিউ১৭’ বাজারজাতের ঘোষণা দিয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এই অফার ঘোষণা করে দুই কোম্পানি। এই স্মার্টফোন বাংলালিংক ও সিম্ফনির বিক্রয় কেন্দ্রগুলোতে ৪ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা সংবাদ সম্মেলনে বলেন, “সিম্ফনির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের জন্য খুবই সহনীয় দামের এমন একটি মোবাইল ফোন বাজারজাতকরণের ফলে বাংলাদেশের অধিকসংখ্যক মানুষ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।”
প্লে ডব্লিউ১৭-এর ডিসপ্লে হলো সাড়ে তিন ইঞ্চি। এতে ৪.২.২ জেলি বিনসহ এক গিগাহার্টজ সিপিইউ, ১.৩ এমপি (মেগা পিক্সেল) ক্যামেরা ও ০.৩ এমপি ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি+ ৫১২ এমবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি থাকছে।
এডিসন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক বলেন, “সিম্ফনির লক্ষ্য হচ্ছে, গ্রাহকদের কাছে অত্যন্ত সহনীয় দামে মানসম্পন্ন মোবাইল হ্যান্ডসেট পৌঁছে দেয়া। এভাবে মোবাইল অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাজারে আরো হ্যান্ডসেট নিয়ে আসব।”
সংবাদ সম্মেলনে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমদ, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলমসহ সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন।
