২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম সুদে ঋণ চান আবাসন ব্যবসায়ীরা

স্বল্পবিত্ত ও মধ্যবিত্তের আবাসন চাহিদা পূরণে কম সুদে ঋণ দেয়ার দাবি জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 09:06 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতারা আবাসন খাতে ঋণের ব্যবস্থা করে দেয়ার দাবি করেন।

একই সঙ্গে তারা পুরনো ফ্ল্যাট কেনাবেচায় ‘সেকেন্ডারি মার্কেট’ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে কর ছাড়ও চেয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৈঠকে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, “বাণিজ্যিক ব্যাংকগুলো আবাসন খাতকে কোনো ধরনের সহায়তা করছে না। প্লট ও ফ্ল্যাট কিনতে ক্রেতাদের ঋণ প্রয়োজন। কিন্তু দু’চারটি ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলো এ খাতে ঋণ দিচ্ছে না।”

তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশেই বাণিজ্যিক ব্যাংকগুলো ফ্ল্যাট কিনতে ২০ থেকে ৪০ বছর মেয়াদী ঋণ দেয়। এদেশে এ ধরণের ঋণ সুবিধা দিলে মানুষ আবাসন চাহিদা পূরণ করতে পারবে।”  

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সঙ্গে দেখা করেন সংগঠনটির নতুন পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর শামসুল আলামিন, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানসহ সংগঠনটির অন্য নেতারা।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঋণ ও সেকেন্ডারি মার্কেট চালু নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলাপ করবেন বলে জানান। পাশাপাশি তিনি রিহ্যাব নেতাদের অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দেখা করার পরামর্শও দেন।

এ সময় রিহ্যাব নেতারা আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তবে ‘সম্পদ কর’ বেশি হয়েছে বলে উল্লেখ করে তা কমানোর দাবি করেন।

রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া বলেন, “গাড়ির সেকেন্ডারি মার্কেট আছে। নতুন গাড়ির তুলনায় পুরোনো গাড়ির কর কম। গাড়ির মত আবাসন খাতেও পুরোনো ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে কর ছাড় দেয়া দরকার। অনেকে এ ব্যবসা করতে চান। সেকেন্ডারি মার্কেট চালু হলে কেনাবেচা বাড়বে।”

অন্যান্যদের মধ্যে রিহ্যাবের প্রতিনিধি দলে সিনিয়র সহ-সভাপতি রবিউল হক, সহ-সভাপতি মো. আনোয়ারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শাকিল কামাল চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।