২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপির জন্য অগ্রগতি যথেষ্ট নয়: যুক্তরাষ্ট্র

তৈরি পোশাক কর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বাংলাদেশ ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ অর্জন করলেও জিএসপি সুবিধা ফিরে পেতে এক্ষেত্রে আরো উন্নতি দরকার বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 12:56 AM

Updated : 25 Apr 2022, 04:24 PM

ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউএসটিআর-এর দপ্তরের নেতৃত্বে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পর্যালোচনায় গত এক বছরে বাংলাদেশে পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার রক্ষায় গৃহীত কার্যক্রম খতিয়ে দেখা হয়।

ওই পর্যালোচনায় বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে গত বছরের রানা প্লাজা ধসের মতো ঘটনা এড়াতে বাংলাদেশকে আরো কাজ করতে হবে।

এখনো বাংলাদেশের অনেক কারখানা পরিদর্শন বাকি থাকায় এবং শ্রম আইন সংস্কারে তেমন অগ্রগতি না হওয়ায় ‘উদ্বেগ’ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার একশ’র বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক। ওই ঘটনার পর জুনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বাতিল করে ওবামা প্রশাসন।

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধায় বাংলাদেশ যে পণ্য বিক্রি করত, তা দেশের ৫০০ কোটি ডলারের রপ্তানির ১ শতাংশের মতো। ফলে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বাংলাদেশকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি।

জিএসপি স্থগিতের পর ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, পোশাক কারখানার কর্ম পরিবেশের উন্নতি এবং শ্রমিকদের সংগঠন করার সুযোগসহ ১৬টি শর্ত পূরণ হলে তবেই এ সুবিধা ফেরত দেয়া হবে।

ওই কর্মপরিকল্পনা দেয়ার পর শ্রম আইন সংশোধন, কারখানা পরিদর্শন, ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধসহ বেশ কিছু উদ্যোগ নেয় সরকার।

বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতি পর্যালোচনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান বলেছেন,“শ্রমিক ইউনিয়নের নিবন্ধনসহ বেশ কিছু ক্ষেত্রে আমরা উন্নতি দেখেছি, যা ২০১৩ সালের এপ্রিলের রানা প্লাজা ধসের মতো দুর্ঘটনা এড়িয়ে শ্রমিকদের সুরক্ষায় আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অগ্রগতি।”

তবে এ অগ্রগতি জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।

ফ্রোমান বলেন, “অনেক কারখানায় এখনো পরিদর্শন না হওয়া, শ্রম আইন সংস্কারে অগ্রগতির অভাব এবং শ্রমিক অধিকার কর্মীদের ধারাবাহিকভাবে হয়রানি ও নির্যাতনের খবরে আমরা উদ্বিগ্ন।”

কারখানা পরিদর্শনে ধীরগতি এবং পরিদর্শক নিয়োগের প্রতিশ্রুতি পূরণে সরকার এখনো সক্ষম হয়নি বলে ইউএসটিআর’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়া শ্রমিক নেতাদের হয়রানি ও নির্যাতনের ঘটনা অব্যাহতভাবে ঘটলেও তার প্রতিকারে সরকার যথাসময়ে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।

সর্বোপরি বাংলাদেশে শ্রমিকদের ‘হয়রানি ও নির্যাতন’ রোধে একটি ‘গ্রহণযোগ্য ও কার্যকর ব্যবস্থা’ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র।