চট্টগ্রামে রাজস্ব আদায়ে লক্ষ্যপূরণ হয়নি
লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ১৯৭ কোটি টাকা কম রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।
সদ্য সমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে প্রতিষ্ঠানটি ২৪ হাজার ৪১৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ২৩ হাজার ২১৬ কোটি ২২ লাখ টাকার রাজস্ব আদায় করেছে।
চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুতে ২৩ হাজার ৩৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও চলতি বছরের ১ জুন তা বাড়িয়ে ২৪ হাজার ৪১৩ কোটি টাকা করা হয়।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. মাসুদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ হওয়া অর্থবছরের প্রথম ছয়মাসে রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও নির্বাচন সব মিলে রাজস্ব আদায়ের লক্ষ্যপূরণ পুরোপুরি সম্ভব হয়নি।
কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী, শেষ হওয়া অর্থবছরের প্রথম জুলাই ২০১৩-তে রাজস্ব আদায় হয় ২ হাজার ১০৮ কোটি ৬৫ লাখ টাকা।
পরবর্তীতে অগাস্টে এক হাজার ৬৫৮ কোটি ৬৫ লাখ, সেপ্টেম্বরে এক হাজার ৯১৪ কোটি ৬৯ লাখ, অক্টোবরে এক হাজার ৭৯৭ কোটি ৮৬ লাখ, নভেম্বরে এক হাজার ৭২৩ কোটি ২৭ লাখ, ডিসেম্বরে এক হাজার ৯৩৩ কোটি ৪২ লাখ টাকা আহরণ হয়।
এ বছরের শুরুতে জানুয়ারিতে এক হাজার ৮৪২ কোটি ৭৫ লাখ, ফেব্রুয়ারিতে এক হাজার ৭৩৫ কোটি ৩৮ লাখ, মার্চে এক হাজার ৭২৯ কোটি ৬৪ লাখ, এপ্রিলে দুই হাজার ১০১ কোটি ৭৩ লাখ টাকা, মে মাসে দুই হাজার ২৮৩ কোটি ৮১ লাখ টাকা এবং সর্বশেষ জুন মাসে দুই হাজার ৪০২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
