‘দুই মেয়াদে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে যায়নি’
সরকারের দুই মেয়াদের সাড়ে পাঁচবছরে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যায়নি বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল মান্নান।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে ভোগ্যপণ্য সরবরাহ স্বাভাবিক এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি করে মান্নান বলেন, “বর্তমানে বর্ষায় রাস্তাঘাটের কারণে অনেক সময় মালমাল আসতে দেরি করে।
“এছাড়া রমজানের প্রথমদিকে লোকজন বেশি ক্রয় করে মজুদ করায় দাম কিছুটা বেড়ে যায় এবং পরে তা আবার স্বাভাবিকও হয়ে যায়।”
এজন্য তিনি একসঙ্গে বেশি পণ্য ক্রয় না করে প্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য আহ্বান জানান।
আব্দুল মান্নান বলেন, “যেসব ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা আদায়ের জন্য দাম বৃদ্ধি ও মজুদ করেন, গোয়েন্দা সংস্থার করা সারা দেশের ব্যবসায়ীদের এমন একটি তালিকা প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর হাতে আছে।”
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।
সভার শুরুতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বেগুন ও মরিচের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “রমজানের আগে মরিচ, বেগুন ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও তা বেড়েছে, তবে মরিচ বেগুনের দাম বাড়ার কোন যৌক্তিকতা নেই।”
অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, “গত দুইমাস ধরে দ্রব্য মূল্য দুই-এক টাকা করে বাড়তে শুরু করেছে।
এটি নিয়ে পুলিশের পক্ষ থেকে সরকারকে নিয়মিত প্রতিবেদন দেয়া হয়েছে।”
সভায় বনজ মজুমদার রমজানে বাজারে সবজির দৈনিক মূল্য তালিকা পত্রিকা এবং ক্যাবল অপারেটরদের মাধ্যমে জানিয়ে দেয়ার প্রস্তাব রেখে বলেন, “জেলা প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যেগ নেয়া যেতে পারে। জেলা প্রশাসন যদি উদ্যোগ নেয় তাহলে পুলিশও তাদের সহায়তা করবে।”
রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, এবছর অন্য বছরের তুলনায় নগরীতে বেশি পুলিশ মোতায়েন থাকবে।
যানজট নিরসনে নগর পুলিশের বিভিন্ন উদ্যেগের কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা বনজ জানান, নগরীর যানজট নিরসনে এবছর পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নও কাজ করবে।
পুরো রমজান মাস ও ঈদের সময় নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলেও বৈঠকে আশ্বস্ত করেন এ পুলিশ কর্মকর্তা।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, ইতোমধ্যে নগরীতে বাজার তদারকির জন্য পাঁচটি দল করা হয়েছে।
দলগুলো বিভিন্ন বাজারে তদারকি করছে জানিয়ে তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন পত্রিকা ও ক্যাবল অপারটেরদের মাধ্যমে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটদের মোবাইল নম্বর দেয়া হয়েছে।
যেকোন মানুষ ফোনে তাদের অভিযোগ জানাতে পারবে এবং ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় ও আইনের দৃষ্টিকোণ থেকে দুই ধরনের প্রচারপত্র বিলি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
পুরো বৈঠক জুড়ে ছিল ফরমালিন নিয়ে আলোচনা। বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার লোকজন ফরমালিন বিরোধী অভিযান নিয়ে আলোচনা করেন।
সভার প্রধান অতিথি ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল মান্নান জানান, সংসদের চলমান অধিবেশনে ফরমালিন বিরোধী একটি আইন সংসদে উঠানো হবে, যাতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে ।
ফল ব্যবসায়ীরা তাদের হয়রানি করছে এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ফরমালিন পরীক্ষার জন্য জেলা প্রশাসনকে বিদেশ থেকে যন্ত্র ক্রয় করার আহবান জানান।
তিনি চট্টগ্রাম চেম্বার এ যন্ত্র কেনার ব্যাপারে অর্থিকভাবে সহায়তা করবে বলেও জানান।
ফলব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার বলেন, “দেশের মানুষ ফল খাবে এটাই স্বাভাবিক। তবে এজন্য ফল ব্যবসায়ীদের নিশ্চিত করতে হবে তাদের বিক্রি করা ফলে কোনো ধরনের ফরমালিন নেয়।”
ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে করা টিমের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে যেসব ফল আনা হয় সেগুলো পরীক্ষা করে চট্টগ্রামে ঢুকতে দেয়া হবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “শত কিছুর মাঝেও ফরমালিন বিরোধী অভিযান চলবে।”
