ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ চট্টগ্রাম চেম্বারের
রমজানকে সামনে রেখে বাজার মূল্যের চেয়ে কম দামে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার।
শনিবার নগরীর আগ্রাবাদে চেম্বার হাউজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম।
তিনি জানিয়েছেন, চেম্বার কার্যালয়ের সামনে ছাড়াও ২৭ রমজান পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের বসবাসের এলাকায় এই পণ্য বিক্রি করা হবে।
কার্যক্রম শুরুর অনুষ্ঠানে চেম্বার সভাপতি বলেন, “রমজানে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের উদ্দেশ্যে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয়ে চেম্বারের এই আয়োজন।”
তিনি বড় ব্যবসায়ী ও সংগঠনকে এ ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ভর্তুকি মূল্যের এসব পণ্য বিক্রি করা হবে।
এ কার্যক্রমে ভর্তুকি দিয়ে আতপ চাল প্রতি কেজি ২৫ টাকা, সিদ্ধ চাল ২৫ টাকা ও চিনি সাড়ে ৩৭ টাকায় বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ, ছৈয়দ ছগীর আহমেদ, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
