২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যোক্তা তৈরিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন তহবিল

কুটির শিল্প ও এসএমই খাতে নতুন উদ্যোক্তা তৈরির জন্য ১০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ থেকে বৃহস্পতিবার এক সার্কুলার জারী করে নতুন এই তহবিল বিষয়ে ব্যাংকগুলোকে জানানো হয়েছে।

‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন তহবিল’ নামক এই তহবিল থেকে কোনো ব্যাংক পুনঃঅর্থায়ন সুবিধা নিতে চাইলে তাকে বাংলাদেশ ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম’ বিভাগের সঙ্গে চুক্তি করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, ‘নতুন এই তহবিলে নতুন উদ্যোক্তা বলতে তাদের বোঝানো হচ্ছে, যারা এর আগে কোন ব্যবসায় জড়িত ছিলো না এবং যারা এর আগে ব্যবসায়িক কাজে কোন ঋণ গ্রহণ করেননি।’

এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ইতোমধ্যেই পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। কিন্তু সেখান থেকে নতুন উদ্যোক্তারা ঋণ না পাওয়ায় নতুন এই তহবিলটি গঠন করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এই তহবিলের ঋণ পাওয়ার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান থেকে  প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

সরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান বলতে এসএমই ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর,  মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক ইত্যাদিকে বুঝাবে।

আর বেসরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান বলতে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই),  ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশ,  বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও নাসিব কিংবা এ জাতীয় অন্যান্য প্রতিষ্ঠানকে বুঝাবে।

এই তহবিল থেকে একজন উদ্যোক্তা জামানতবিহীন সর্বোচ্চ ১০ লাখ টাকা আর জামানতসহ সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ পাবে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংক রেটে অথাৎ ৫ শতাংশ হারে তহবিল দিবে।

গ্রাহকদের থেকে ব্যাংক সর্বোচ্চ সুদ নিবে ১০ শতাংশ হারে।

উদ্যোক্তা যে বিষয়ে ঋণ নিবেন সেই ব্যবসায় বা উদ্যোগে তার কারিগরী জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। প্রস্তাবিত ব্যবসা বা উদ্যোগে সার্বক্ষণিক নিয়োজিত থাকতে হবে।

যে প্রকল্পের জন্য উদ্যোক্তা ঋণ নিবেন তার ২০ শতাংশ খরচ উদ্যোক্তাকে নিজে বহন করতে হবে।

এই তহবিল থেকে চলতি মূলধন পাওয়া যাবে ১ বছরের জন্য। তা ওই এক বছরের মধ্যেই পরিশোধ করতে হবে।

আর মধ্যমেয়াদী ঋণ সর্বোচ্চ ৩ বছর এবং দীর্ঘমেয়াদী ঋণ সর্বোচ্চ ৫ বছরের জন্য পাওয়া যাবে। এসব ঋণ নির্দিষ্ট মেয়াদে ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে।