বাজারে এলো চীনা বাইক ‘হওজু’
চীনের শীর্ষ ব্র্যান্ডের বাইক ‘হওজু’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে কর্ণফুলী গ্রুপ।
সোমবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে ‘হওজু’ বাইকের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০৩ সাল থেকে চীনে মটর বাইক বিক্রির দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে ‘হওজু’।
অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম, পরিবেশক ও বাইকপ্রেমীদের সঙ্গে এই বাইকটির পরিচয় করিয়ে দেন আয়োজক কর্ণফুলী গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।
শারমিন লাকির উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক নূরুল মোস্তফা।
অনুষ্ঠানে কর্ণফুলী ইন্ডাস্ট্রিজের উর্ধ্বতন মহা-ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর এস এম নূরুজ্জামান তার বক্তব্যে হওজু ও তার উৎপাদক হওজু হোল্ডিংসের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি ও পুরস্কার অর্জন ছাড়াও চীনে শীর্ষস্থানীয় মর্যাদার পাশাপাশি জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশে গ্রাহক চাহিদা মিটিয়ে আসছে হওজু।
নূরুজ্জামান বলেন, “বিভিন্ন ধরনের রাস্তায় স্বচ্ছন্দে চলার উপযোগী এবং প্রতি লিটারে ৫০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম এ বাইকটির মূল্য বাজারের অন্যান্য সব ১৫০সিসি মোটরসাইকেলের তুলনায় অনেক কম।
“চালক ও একজন যাত্রীসহ বাইকটি ১৭ সেকেন্ডে ৮২ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। এতে একসঙ্গে ১৩ দশমিক ৩ লিটার পর্যন্ত ফুয়েল সংগ্রহ করা সম্ভব।”
নূরুজ্জামান জানান, এই প্রথমবারের মতো দশ বছরের বিক্রয়োত্তর সেবা প্রদানের ওয়ারেন্টি দিচ্ছে কর্ণফুলী যেটি এর আগে কখনও উপভোগ করেননি স্থানীয় ক্রেতারা।
অনুষ্ঠানে হওজু কুল বাইক-এর বুকিং দাতাদের জন্য ছিল বিশেষ ছাড়ের সুযোগ।
প্রতিটি হওজু ব্র্যান্ডের বাইকের বাজারমূল্য ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পাঁচশ হওজু ব্র্যান্ডের বাইক ক্রেতার জন্য বাইকটির মূল্য ধারণ করা হয়েছে দেড় লাখ টাকা।
