শিল্পের অব্যবহৃত জমি নতুন উদ্যোক্তাদের দেয়ার আহ্বান
শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা অব্যবহৃত জায়গা নতুন উদ্যোক্তাদের দেয়ার আহবান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সভাপতি শাজাহান খান।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিসিসিআই এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘ডিসিসিআই অন্ট্রাপ্রিনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপোর’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মত ব্যক্ত করেন।
শাজাহান খান এই এক্সপো আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “প্রতিবছর বাংলাদেশে ২২ লাখ জনগোষ্ঠী কর্মসংস্থানের জন্য কর্মক্ষেত্রে প্রবেশ করে, যাদের মধ্যে দেশে-বিদেশে মাত্র ১০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ হয় ।
“চাকরির মাধ্যমে এ বিশাল বেকার জনগোষ্ঠির কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয় । এ ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।”
ডিসিসিআইয়ের দুই হাজার উদ্যোক্তা তৈরির একটি কর্মসূচির আওতায় ৩৫টি ব্যাচে মাধ্যমে প্রায় ১ হাজার ১০০ উদ্যোক্তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান শাজাহান খান ।
তিনি বলেন, “এই প্রকল্পের আওতায় ৩ হাজার ২০০ জন সম্ভাব্য উদ্যোক্তা ২ হাজার ২০০ প্রকল্প জমা দেয়। যাচাই বাছাই শেষে অর্থায়নযোগ্য প্রকল্পগুলো বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
ইতোমধ্যে এ উদ্যোগের আওতায় ১০ জন উদ্যোক্তা বিভিন্ন ব্যাংক হতে অর্থায়ন পেয়েছেন বলে জানান তিনি।
শাজাহান খান বলেন, দেশের ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) অন্তর্ভুক্ত। অর্থনীতির মূল চালিকা শক্তিও এসএমই খাত। বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরিতে এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ‘এসএমই উন্নয়ন ব্যাংক’ প্রতিষ্ঠা করা যেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে নূর তাপস, ডিসিসিআই ফাউন্ডেশন ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. সবুর খান প্রমুখ।
এই আয়োজনে ডিসিসিআই থেকে প্রশিক্ষণ নেয়া উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রকল্প নিয়ে আলোচনার সুযোগ পাবেন। এছাড়া উদ্যোক্তরা তাদের নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ও করতে পারবেন।
