২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে প্রথম ডক ইয়ার্ড উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে জাহাজ ডকিং সুবিধাসম্পন্ন প্রথম নিজস্ব ডক ইয়ার্ডের উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার বিকালে কর্ণফুলী নদীর তীরে বন্দরের মেরিন ওয়ার্কসপ ঘাট এলাকার এই ডক ইয়ার্ডটি উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এম এ লতিফ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে শাজাহান খান বলেন, "দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বন্দরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডক ইয়ার্ড প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এতে বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় বন্দরের সেবা প্রদানকারী নৌ যানগুলোর মেরামত সম্ভব হবে।"

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বন্দর হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে এতোদিন কোনো নিজস্ব জাহাজ মেরামত ব্যবস্থা ছিল না।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭৮ সালে একটি ইউরোপিয় প্রতিষ্ঠান ডক ইয়ার্ডটির ওয়ার্কশপ ও স্লিপওয়ে (জাহাজ ডকিং করার স্থান) স্থাপন করে। ওই সময় রাশিয়া, তৎকালীন যুগোশ্লাভিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হয়।

পরে কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রকল্পটি অকার্যকর হয়ে পড়ে। ২০১২ সালে আবার নৌ পরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকল্পটি চালুর উদ্যোগ নেয়।

ওই বছর উন্মুক্ত দরপত্রের পর দেশিয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড প্রকল্পের কাজ পায়। ২০১৩ সালে স্লিপ ওয়ে সংস্কার ও পুনঃস্থাপন এবং ওয়ার্কশপ নবায়ন ও মেরামত কাজের চুক্তি স্বাক্ষরিত হয়।

গত এক বছরের কাজ শেষে শনিবার প্রকল্পটি উদ্বোধন করা হল। প্রকল্পে এক হাজার দুইশ টন ও পাঁচশ টন ওজনের জাহাজ ধারণ ক্ষমতার দুটি স্লিপ ওয়ে স্থাপন করা হয়েছে।