মাটির নিচে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের প্রস্তাব
ভূমির ব্যবহার কমাতে মাটির নিচে বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্র স্থাপনের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব নিয়ে এসেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এবিবি লিমিটেড।
বুধবার রাজধানীর একটি হোটেলে নতুন এ প্রযুক্তি তুলে ধরা হয়।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখানো হয়, মাটির নিচেই একটি বিদ্যুৎ উপকেন্দ্র গড়ে তোলা হয়েছে। আর তার ওপরে রয়েছে বিভিন্ন স্থাপনা।
“আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রয়োজন মাথায় রেখে প্রযুক্তি উৎপাদন করি। বাংলাদেশে জমির অপ্রতুলতার কথা চিন্তা করেই এখানে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে,” বলেন এবিবি লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজর্ষি ব্যানার্জি।
ভারতের রাজধানী নয়া দিল্লিতেও মাটির নিচে বিদ্যুৎ বিতরণের উপকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
রাজর্ষি ছাড়াও প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তারা জানান, মূলত পাওয়ার ও অটোমেশন প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন সেবা দিতে কাজ করে এবিবি। বিশ্বের ১০০টি দেশে তাদের এক লাখ ৪৫ হাজারের বেশি কর্মী কাজ নিয়োজিত রয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের কারখানা রয়েছে। বিশ্বমানের এসব কারখানা থেকে তৈরি পণ্য যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে নিরাপদ। বিভিন্ন প্রতিকূল পরিবেশে সিস্টেমকে রক্ষা করতে তাদের পণ্য কার্যকর।
এছাড়া পরিবেশবান্ধব পণ্য হিসেবে বিদ্যুৎ উত্পাদন প্ল্যান্ট, ডাটা সেন্টার, হাসপাতাল বা গুরুত্বপূর্ণ ভবন নির্মাণেও এবিবির পণ্য ব্যবহার করা যাবে।
