চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু
চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৪।
বুধবার দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মেলার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের বিষয়ে আন্তরিক হওয়ায় আগামী পাঁচ বছরে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে।
তিনি বলেন, “কর্ণফুলীতে টানেল নির্মাণ হবে, দ্বিতীয় কালুরঘাট সেতু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের কাজ শেষ করার পাশাপাশি ছয় লেনে উন্নীত করা ও এক্সপ্রেস হাইওয়ে করা হবে।”
দেশের উন্নয়নে আবাসন খাত জড়িত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “জনসংখ্যার অনুপাতে বাংলাদেশের উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের মত বড় শহরে ভার্টিক্যাল এক্সপানসান ছাড়া আর কোনো বিকল্প নেই।”
বিল্ডিং কোড মানার ক্ষেত্রে রিহ্যাব সদস্যদের সর্তক থাকার আহ্বান জানিয়ে জাবেদ বলেন, সমন্বিতভাবে নগরায়নের উদ্যোগ নিলে সরকারি সহায়তা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলম ঢাকা ও চট্টগ্রাম শহরের আশপাশে সরকারি খাস জমি বরাদ্দের দাবি জানান।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে রিহ্যাব চট্টগ্রামের জন্য একটি বাণিজ্যিক প্লট বরাদ্দেরও দাবি জানান রিহ্যাব সভাপতি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, রিহ্যাব সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ও রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী এস এম আবু সুফিয়ান।
এবারের মেলায় ৪৭টি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান, ১৬টি সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ও চারটি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
চট্টগ্রামে অষ্টম বারের মত এই মেলা শেষ হবে ২১ জুন।
