সিমের দাম বাড়াল গ্রামীণফোন
আগামী অর্থবছরে কর আরোপের প্রস্তাবে সিম কার্ডের দাম বাড়িয়েছে বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
এখন থেকে গ্রামীণফোনের সব প্রিপেইড সিমের দাম হবে ২০০ টাকা, যা আগে ছিল ১৮৮ টাকা। এছাড়া সিম কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের আগের নির্ধারিত ৭৫ টাকার পরিবর্তে ১২৫ টাকা দিতে হবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম পরিবর্তনের ওপর কর নির্ধারণের ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যবসায়িক বাস্তবতার কারণে এই দাম বাড়ানো হয়েছে। কারণ সিম পরিবর্তনের ওপর প্রস্তাবিত ১০০ টাকা কর ইতোমধ্যেই বিপুল করভারের ওপর আরো চাপ সৃষ্টি করবে।
বিদ্যমান ৩০০ টাকা সিম কর প্রত্যাহার না করে সিম পরিবর্তনের ওপর নতুন কর আরোপ বাংলাদেশে মোবাইল ফোনের প্রসার এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাধা তৈরি করবে বলে মনে করছে গ্রামীণফোন।
বিটিআরসির গত এপ্রিল মাসের হিসাবে, বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১১ কোটির বেশি। এর ৪ কোটি ৮৮ লাখ গ্রামীণফোনের।
