ভৌগলিক নির্দেশক পণ্য আইন দ্রুত সংশোধনের পরামর্শ
বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য চিহ্নিত করে তার মালিকানা রক্ষায় এসংক্রান্ত আইনকে দ্রুত সংশোধনের পরামর্শ দিয়েছেন সংলাপের বক্তারা।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ।
সংলাপে বক্তারা বলেন, ২০১৩ সালে ভৌগলিক নির্দেশক পণ্য বিষয়ে যে আইনটি করা হয়েছে তাতে অনেক ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করা না হলে বাংলাদেশের অনেক পণ্যের মালিকানা অন্য দেশের হাতে চলে যাবে।
ভৌগলিক নির্দেশক (জিওগ্রাফ্যিাল ইন্ডিকেনস-জিআই) হচ্ছে- একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ ও প্রচার করে।
জিআই পণ্যের মালিকানা বিশ্ববাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সাথে পণ্যের রপ্তানি সক্ষমতা জড়িত, যাদের জিআই পণ্য যত বেশি, তাদের রপ্তানি সক্ষমতা তত বেশি।
ইতিমধ্যে জামদানি এবং ফজলি, লক্ষণভোগ ও হিমসাগর আমের ভৌগলিক পণ্যের স্বীকৃতি ভারত নিয়েছে।
এসব ক্ষেত্রে দ্রুত বিশ্ব বাণিজ্য সংস্থার বিবাদ সালিসের ফোরামে অভিযোগ করার পরামর্শও দিয়েছেন বক্তারা।
সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচের্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন হামিদা হোসেন, আইনজীবী শুক্লা সারওয়াত সিরাজ, নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির, সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদ, ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক সাঈদ হাসান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইফতেখার ইকবাল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
হামিদা হোসেন বলেন, “অনাদরে অবহেলায় বাংলাদেশ এসব পণ্যের মালিকানা হারাচ্ছে। ভারত যখন তাদের হালুয়া’র নিবন্ধন নিচ্ছে তখন আমরা মসলিন বা জামদানির মত পণ্যের নিবন্ধন নেওয়ার আগ্রহ দেখাচ্ছি না। নামমাত্র একটা আইন করা হয়েছে, যার এখনও বিধি হয়নি। ফলে আইনও কোনো কাজে আসছে না। সরকারের উচিত আইনটি দ্রুত সম্পূর্ণ করা।”
খুশী কবির বলেন, “সম্প্রতি শীতল পাটি বিষয়ে আসাম থেকে দাবি তোলা হচ্ছে, এটা তাদের অরিজিন। কিন্তু তা ঠিক নয়। এবিষয়ে সরকারের কোন উদ্যোগ আছে বলে আমি জানি না।”
সোহেল আহমেদ বলেন, “ভৌগলিক নির্দেশক পণ্য সুরক্ষার মূল দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের। কিন্তু এই সংস্থাটি এবিষয়ে ঘুমোচ্ছে।”
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “আমরা চাই সরকার ভোগলিক নির্দেশক পণ্য সুরক্ষার জন্য আইনের যে ঘাটতি আছে তা দ্রুত পূরণ করবে। আইনের বিধি করবে। পাশাপাশি একজন নিবন্ধক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিবে। যাতে পণ্যের প্রকৃত উৎপাদক ও শ্রমিকরা ন্যায্যমূল্য পায়।
