কম্বোডিয়ায় কৃষিখাতে বিনিয়োগের সুযোগ চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সফররত প্রধানমন্ত্রী হুন সেনের কাছে সেদেশের কৃষি খাতে চুক্তিভিত্তিক বিনিয়োগের সুযোগ চেয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
তিনি বলেন, “বাংলাদেশের বিনিয়োগকারীরা যাতে কম্বোডিয়ায় চুক্তিভিত্তিক কৃষি কাজ করতে পারে সে সুযোগ সৃষ্টিতে হুন সেনের কাছে সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা।”
বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, দু’দেশের মধ্যে বাংলাদেশ বাণিজ্যে বেশি লাভবান হবে।
দুদেশের মধ্যে প্রায় চার মিলিয়ন ডলারের বাণিজ্য হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। অন্যদিকে কম্বোডিয়া থেকে ছয় লাখ ৮০ হাজার ডলারের পণ্য আমদানি করে।
“দু’দেশের আর্থ-সামাজিক অবস্থান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে অবস্থানে খুবই মিল আছে।”
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, দু’দেশের মধ্যে শিল্প, বাণিজ্য ও কৃষিতে সম্পর্ক আরো জোরদার করতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অত্যন্ত আন্তরিক পরিবেশে দু’দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানান শামীম চৌধুরী।
বৈঠকে আলোচনার প্রসঙ্গে বাংলাদেশের শহীদুল হক বলেন, “আলোচনায় তিনটা ফোকাস এরিয়া বেড়িয়ে এসেছে। বাণিজ্য, কৃষি এবং পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে দু’দেশের সম্ভাবনা রয়েছে। বাণিজ্য বৃদ্ধির যে সম্ভাবনা রয়েছে তা উঠে এসেছে।”
তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। কম্বোডিয়া আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ দেশ। আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার বাংলাদেশের যে আবেদন রয়েছে, তা উনি (হুন সেন) সমর্থন করবেন।”
চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর ছাড়াও দু’দেশের মধ্যে ‘জয়েন্ট ট্রেড কাউন্সিল’ প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
শহীদুল হক বলেন, “একটি জয়েন্ট ট্রেড কাউন্সিল প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনা চলছিলো। সেটার সিদ্ধান্ত হয়েছে এবার। এক্ষেত্রে দু’দেশের বাণিজ্যমন্ত্রীরা বাণিজ্যের অগ্রগতি নিয়ে কাজ করবেন।”
“২০০৬ সালে বানিজ্যের যে চুক্তি হয়েছিলো, তার আওতায় নতুন এই ট্রেড কাউন্সিল তৈরি হলো”, যোগ করেন পররাষ্ট্র সচিব।
২০১৫ সালে বাংলাদেশ ও কম্বোডিয়া একক মেলা করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্র সচিব বলেন, “বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।”
তিনি বলেন, “দু’দেশের সংস্কৃতি ও শিক্ষার মধ্যে মিল রয়েছে। গঙ্গা ও মেকংয়ের ছয়টা দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে।”
“ভারত এবং মেকংয়ের পাঁচটা দেশ। দুই দেশের এই নদীর অববাহিকায় যে দেশগুলো রয়েছে- তাদের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষার ক্ষেত্রে যে মিল রয়েছে, তার ওপর ভর করে সহযোগিতার ক্ষেত্র তৈরির অবস্থান আছে কিনা, সে বিষয়ে আলোচনা হয়েছে”
এ বিষয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান শহীদুল হক।
শীর্ষ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী ছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
