যমুনা ফিউচার পার্কে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার
যমুনা ফিউচার পার্ক শপিং মলে চালু হয়েছে ‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার’।
রোববার এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয় বলে গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, ৫০০০ বর্গফুটের গ্রামীণফোনের এই এক্সপেরিয়েন্স সেন্টার দেশের প্রথম অনন্য নকশায় ও আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা গ্রহণের উপাদানে নির্মিত।
এক্সপেরিয়েন্স সেন্টারে গ্রাহক গ্রামীণফোনের সব ধরনের পণ্য, সেবা, চলমান ক্যাম্পেইন ও অফার, সমস্যার সমাধান, বিভিন্ন ধরনের স্মার্টফোন ও টেলিকম প্রযুক্তির তথ্য জানতে পারবেন।
এখানে গ্রামীণফোনের উচ্চগতির ইন্টারনেট অভিজ্ঞতা, ভিডিও কলিং সুবিধা, লাইভ মোবাইল টিভি সম্প্রচার সুবিধা, ভিডিও স্ট্রিমিং, মিউজিক স্ট্রিমিং, মোবাইল গেমিং এবং ব্যবসায়িক পণ্যের বাস্তব অভিজ্ঞতা নেয়ার জন্য আলাদা জোন রয়েছে।
এই সেন্টারের ‘নীল’ জোনে এসে গ্রাহক পর্যাপ্ত প্রশিক্ষণ, ব্রিফিং, বাস্তবশিক্ষা, আকর্ষণীয় উপস্থপনা ও বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যমে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন। এর পাশাপাশি গ্রামীণফোনের নিয়মিত বিক্রয় সেবা ও বিক্রয়োত্তর সেবাসমূহ যথারীতি থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিবেক সূদ, যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা অ্যালান বংকে, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল সেলস এর প্রধান নাসের ফজলে আজমসহ গ্রামীণফোনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
