২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের জিরো টলারেন্স’

পোশাক শিল্প কারখানাগুলোর কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ‘জিরো টলারেন্স’ মনোভাবে এগোচ্ছে বলে যুক্তরাষ্ট্রের এক সেমিনারে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 10:19 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

স্থানীয় সময় শনিবার বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইন্সটিটিউটের মিলনায়তনে ওই সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, “কর্মপরিবেশ নিরাপদ করতে সরকার ‘জিরো টলারেন্স’ মনোভাবে এগোচ্ছে, যাতে গার্মেন্টস মালিকরাও অভূতপূর্ব সাড়া দিচ্ছেন।”

‘বিশ্বায়ন এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অস্তিত্ব’ শীর্ষক সেমিনারটিতে তোফায়েল বলেন, “অ্যাকশন প্ল্যান-২০১৩ অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক মানের শ্রমশক্তি অনুসরণ করে সামনের দিকে এগোচ্ছে। গার্মেন্টস সেক্টরের সার্বিক কল্যাণে বাংলাদেশ গত এক বছরে যে অগ্রগতি সাধনে সক্ষম হয়েছে তা কারো অজানা নেই।

“বাংলাদেশ আর রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের মত দুর্ভাগ্যজনক পরিস্থিতি দেখতে চায় না। এ কারণে বাংলাদেশ সরকার শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষাকল্পে আন্তর্জাতিক আইনের প্রতি যথেষ্ঠ মনোযোগী হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ যে আইন আছে তা সংস্কারের পদক্ষেপও নিয়েছে।”

এতে গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সংস্কার, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, নিরাপদ কর্মস্থল, প্রশাসনিক ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা ও শ্রম অধিকার সুরক্ষা কল্পে শ্রমিক ইউনিয়নের ব্যাপারেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল বলেন, “ইতোমধ্যেই গার্মেন্টস সেক্টরে ১৫৭টি ট্রেড ইউনিয়নের অনুমতি দেয়া হয়েছে।  শুধু তাই নয়,  অগ্নিনির্বাপনের ব্যবস্থা নিশ্চিতকল্পে বিদেশ থেকে আনা সরঞ্জামকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

“নারী শ্রমিকদের বাসস্থানের নিশ্চয়তা হিসেবে মালিক পক্ষকে সামান্য সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে।”

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে শিক্ষা এবং কর্মশক্তি বিষয়ক কমিটির প্রভাবশালী  কংগ্রেস সদস্য জর্জ মিলার, ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-প্রধান ম্যারা এম বার এবং ঢাকায় বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা প্রমুখ।

এছাড়া যুক্তরাষ্ট্রের শ্রমিক ফেডারেশন ‘এএফএল-সিআইও’র বাণিজ্য এবং বিশ্বায়ন সম্পর্কিত নীতি বিশেষজ্ঞ সিলেস্টে ড্রেক, আন্তর্জাতিক শ্রম সম্পর্কিত ব্যুরোর প্রতিনিধি মাইকেল ও’ডনোভার, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেইফটির  প্রধান অ্যালেন ও’ক্যানে টুসার, বিজিএমইএর প্রেসিডেন্ট আতিকুল ইসলাম।

হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইন্সটিটিউট, সেন্টার ফর এনভায়রনমেন্ট এবং ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

গত বছরও একই সময়ে এসব সংগঠনের উদ্যোগে একইস্থানে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ে আন্তর্জাতিক মহলের ভূমিকা শীর্ষক আরেকটি সেমিনার হয়।

ওই সেমিনারে সাবেক পরিবেশমন্ত্রী  হাছান মাহমুদ এসেছিলেন।

আয়োজক সংগঠনের পক্ষে এ সেমিনারের বিভিন্ন পর্বের সঞ্চালন করেন ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট’র নির্বাহী পরিচালক এবং হার্ভার্ড মেডিকেলের কর্মকর্তা ইকবাল ইউসুফ।

মোহাম্মদ ইকবাল ছিলেন এই সেমিনারের প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশের ইতিবাচক বিষয়বালী আন্তর্জাতিক মহলে উপস্থাপনে নিরন্তরভাবে কাজের জন্যে তার হাতে ক্রেস্ট দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।