চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বুধবার
আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের উদ্যোগে চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী মেলা।
রোববার চট্টগ্রাম ক্লাবে সংবাদ সম্মেলনে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার, ২০১৪’ –এর বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কর্তৃপক্ষ।
লিখিত বক্তব্যে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান জানান, এবার মেলার স্লোগান ঠিক করা হয়েছে ‘গুণগত মানে আস্থা নিশ্চিত নিরাপত্তা’।
তিনি জানান, চট্টগ্রাম ক্লাবে বুধবার সকাল ১১ টায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মেলাটি উদ্বোধন করবেন।
এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম ও সিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “উদ্বোধনের দিন দুপুর ২টা থেকে মেলা সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।”
ওয়াহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার ও শুক্রবার মেলার পাশাপাশি বিভিন্ন স্থপতি ও প্রকৌশলীদের নিয়ে ‘গুণগত মানসম্পন্ন নির্মাণ’ এবং ‘কিডস্ ডে আউট’ শিরোনামে দুইটি সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলায় ৪৭টি নির্মাণ প্রতিষ্ঠান, ১৬টি সরঞ্জাম প্রতিষ্ঠান ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, “২১ জুন পর্যন্ত মেলা চললেও ২২ জুন সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠান হবে।
“সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি, সিটি মেয়র এম মঞ্জুরুল আলম ও চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।”
সংবাদ সম্মেলনে ভূমি নিবন্ধন ফি কমানোর দাবি বলা হয়, “সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে নিবন্ধন ফি সবচেয়ে বেশি। একারণে জমির ক্রেতারা নিবন্ধনে আগ্রহ হারিয়ে ফেলছে।”
এছাড়া দেশে যথাযথ বিনিয়োগ নীতির অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও মনে করেন তিনি।
ওয়াহিদুজ্জামান প্রস্তাবিত বাজেটে ফ্ল্যাটের ওপর মূসক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে নতুন করে এ খাতে করারোপ থেকে বিরত থাকার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চল চেয়ারম্যান প্রকৌশলী এসএম আবু সুফিয়ান, মেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের জিলানী।
