'পুঁজিবাজারে অস্থিতিশীলতায় দায়ী ফটকাবাজারিরা'
পুজিবাজারে অস্থিরতার জন্য 'ফটকাবাজারি' দায়ী বলে মন্তব্য করেছেন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাদের সঙ্গে বাজেট পরবর্তী বৈঠকে অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজার সত্যিকার অর্থে পুঁজিবাজার হয়নি, এখানে দীর্ঘমেয়াদী কোনোবিনিয়োগ আছে কি না আমি জানি না।
“আমাদের পুঁজিবাজারের অস্থিতিশীলতার জন্য ফটকাবাজারিরা দায়ী। প্রকৃত বিনিয়োগকারী নয়।”
সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হক, ডিএসই চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া, সিএসই চেয়ারম্যান আব্দুল মজিদসহ দুই স্টক এক্সচেঞ্জের পরিচালকরা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন,“ডিমিউচুলাইজেশন সদ্য শেষ হয়েছে। এটা পুঁজিবাজারের জন্য ভালো খবর। তবে ডিমিউচুলাইজেশনের সুফল পেতে আরও কিছুদিন সময় লাগবে। রাতারাতি হবে না।”
ফাইল ছবি
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের আয় থেকে যেসব কর প্রস্তাব করা হয়েছে সেই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করতেও পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী।
বৈঠকে এম আসলাম আলম বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জন্য ডিমিউচুলাইজেশন করা হয়েছে। আশা করি এখন থেকে এসবের ঘাটতি থাকবে না। বিনিয়োগকারীদেরও আস্থা বাড়বে।
“তবে সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিং প্রতিরোধে পুঁজিবাজার এখনও কাঙ্খিত পর্যায়ে আসতে পারেনি। যারা বিনিয়োগ করছেন, লেনদেন করছেন তাদের পরিচয়, লেনদেনের তথ্য এখনও দুর্বল পর্যায়ে রয়েছে। এদিকে নজর দিতে হবে। নতুবা বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে পিছিয়ে পড়বে।"
ডিএসই চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া বলেন, “বর্তমানে মোট লেনদেনের ওপর দশমিক শুন্য ৫ শতাংশ উৎসে কর নেওয়া হয়। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের লাভের ওপর যে কর (ক্যাপিটাল গেইন ট্যাক্স) প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়ন করা হলে উৎসে কর আয় কমবে। এতে মোট লেনদেন কমে যাওয়ার ঝুঁকি আছে।”
সিএসই চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন,“রাজস্ব আহরণ ব্যবস্থা পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে বাজেটে যে প্রস্তাব করা হয়েছে তা আরো আলোচনা করা দরকার।”
সিএসই’র পরিচালক সফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, “পুঁজিবাজারে ভালো কোম্পানি আনা যেমন কাজ তেমনি আইনের ফাঁক গলে যাতে খারাপ কোন প্রতিষ্ঠান আসতে না পারে সেজন্য উদ্যোগ নিতে হবে।”
