২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্জযাত্রীদের মাস্টারকার্ডে বিশেষ সুবিধা

দেশে প্রথমবারের মতো মাস্টারকার্ডে বিশেষ হজ্জ প্রি-পেইড কার্ড চালু করেছে প্রিমিয়ার ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 01:37 AM

Updated : 22 Aug 2022, 06:28 PM

প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্ড হজ্জযাত্রী, হজ্জ এজেন্সি এবং বিদেশে ভ্রমণকারীদের জন্য উপযোগী যা ট্রাভেলার্স চেক বা ফরেন এক্সচেঞ্জ ইন ক্যাশ এর বিকল্প হিসেবে কাজ করবে।

Image
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার প্রথম হজফ্লাইট ছাড়ার আগে বিমানে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার প্রথম হজফ্লাইট ছাড়ার আগে বিমানে অপেক্ষমাণ যাত্রীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এছাড়াও এটি বিদেশে অবস্থানরত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও বিশেষ উপযোগী হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

মঙ্গলবার নতুন এ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল বলেন, ‘‘মাস্টারকার্ডের মাধ্যমে হজ্জযাত্রীদের জন্য হজ্জ প্রি-পেইড কার্ডের মতো একটি বিশ্বমানের সেবা চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। এরফলে হজ্জযাত্রীরা হজ্জ পালনকালে বা হজ্জর সময়ে নগদ অর্থ বহনের চাপ থেকে মুক্ত থাকতে পারবেন।’’

মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ভিকাস ভার্মা অনুষ্ঠানে বলেন, ‘‘বাংলাদেশে প্রিমিয়ার ব্যাংকের সহযোগিতায় আমাদের প্রথম হজ্জ প্রি-পিইড কার্ড প্রচলনের কর্মসূচি ঘোষণা করতে পেরে আমরা অতিশয় উচ্ছ্বসিত।

“বাংলাদেশে আমাদের গ্রাহকদের জন্য সর্বোত্তম মানের ইলেকট্রনিক পেমেন্টের সুযোগ-সুবিধা দেয়ার আরো একটি ধাপ পূরণ হলো। মাস্টারকার্ডের নতুন এই পণ্য হজ্জযাত্রীদের জন্য পবিত্র হজ্জ পালনকালে সর্বোত্তম সুবিধা পেতে এবং সহজ উপায়ে নিরাপদ পেমেন্ট করতে যথেষ্ট সহায়ক হবে। ’’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক বি এইচ হারুন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, প্রিমিয়ার ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, হজ্জ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (এইচএএবি) সভাপতি আব্দুল কবীর খান জামান প্রমুখ।