২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে তোফায়েল

জিএসপি সুবিধা পুনর্বহালের লক্ষ্যে বাংলাদেশ  সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ওবামা প্রশাসনকে জানাতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 12:24 AM

Updated : 22 Aug 2022, 06:28 PM

স্থানীয় সময় মঙ্গলবার সকালে তোফায়েল আহমেদকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এম এ মুহিত, কমার্স কাউন্সেলর শফিকুল ইসলাম এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুজ্জামান।

এছাড়া যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

স্থানীয় বুধবার বেলা সাড়ে ১২টায় দেশটির বাণিজ্য দপ্তর ‘ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ’ (ইউএসটিআর)-এর রাষ্ট্রদূত মাইকেল ফ্রম্যানের সঙ্গে বৈঠক করবেন তোফায়েল আহমেদ।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও থাকবেন।”

সফরে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে কি না- তা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইউএসটিআর সলাপরামর্শ শুরুর প্রাক্কালে তোফায়েল আহমেদ এই বৈঠকে অংশ নিচ্ছেন।  

এই সফরে যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্স, তৈরি পোশাক আমদানিকারক, শ্রমিক ফেডারেশন এবং কংগ্রেসেপররাষ্ট্র বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্যদের সঙ্গেও তোফায়েল আহমেদের বৈঠক করার কথা রয়েছে।

১৪ জুন বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের বস্ত্রশিল্পের হাল-হকিকত’ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখবেন বাণিজ্যমন্ত্রী বলে আয়োজকরা জানিয়েছেন।