সেরা কর্মচারীদের পুরস্কৃত করলো বাংলালিংক
গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে সেরা নৈপূণ্য প্রদর্শনকারী কর্মচারীদের পুরস্কৃত করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
সম্প্রতি রাওয়া কনভেনশন সেন্টারে বাংলালিংক এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে সেরা কর্মচারীদের পুরস্কৃত করা হয় বলে মঙ্গলবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রতিষ্ঠানটি এবারই প্রথমবারের কর্মীদের পুরস্কৃত করতে ‘এমপ্লয়ি অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০১৪’ চালু করে, যাতে চারটি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়।
এসব শ্রেণির মধ্যে সেরা কর্মী বিভাগে স্বর্ণ পদক জিতেছেন বাংলালিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএসএস অ্যাসোসিয়েট ম্যানেজার মো. মাজিদ উল আলম। এই বিভাগেই ‘সিলভার’ পুরস্কার পান প্রতিষ্ঠানটির বিপণন ‘বিভাগের হেড অফ মাস মার্কেট’ মাহবুবুল আলম ভূইয়া।
‘লিডার অফ দ্য ইয়ার’ শ্রেণিতে স্বর্ণপদক পেয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সাপ্লাই চেইন সেকশনের ডেপুটি ডিরেক্টর আবদুস সাবুর ।
‘ইনোভেটর অফ দ্য ইয়ার’ বা বছরের সেরা উদ্ভাবক শ্রেণিতে পুরস্কার পেয়েছেন বাংলালিংকের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস বিভাগের ডেপুটি ম্যানেজার মুহাম্মদ হাসান।
এছাড়া বছরের বেস্ট রিজিয়ন বা সেরা অঞ্চল শ্রেণিতে পুরস্কার পেয়েছে বগুড়া অঞ্চল।
অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা তার বক্তব্যে কর্মীদের সবাইকে সর্বোচ্চ কর্মশক্তি দিয়ে কাজ করা এবং গ্রাহকদের পরবর্তী প্রজন্মের প্রযুক্তি সেবা দেয়ার প্রতিশ্রুতি নিবিড়ভাবে মেনে চলার মাধ্যমে বাংলালিংকের আয় বৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান।
