গেইন ট্যাক্স প্রত্যাহারের ইঙ্গিত অর্থমন্ত্রীর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের ওপর করারোপের (গেইন ট্যাক্স) যে প্রস্তাব করা হয়েছে তা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার নিজ কার্যালয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকের সময় গেইন ট্যাক্স নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “প্রস্তাবিত বাজেট পাসের সময় যথেষ্ঠ পরিবর্তন হয়। এইটার সিদ্ধান্ত হয় ২৬ কিংবা ২৭ তারিখে,তার আগে এইসব সিদ্ধান্ত হয় না।”
গত বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়।
পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের লাভ ১০ লাখ থেকে ২০ লাখ টাকা হলে ৩ শতাংশ হারে এবং ২০ লাখের বেশি হলে ৫ শতাংশ হারে কর দেয়ার প্রস্তাব করেন মুহিত।
তবে অর্থমন্ত্রীর এ প্রস্তাবের বিরোধীতা করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ব্যক্তি বিনিয়োগকারীরাও প্রস্তাবিত গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিএসইসি’র সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বলেন, “স্টক মার্কেট নিয়ে দেখবেন এবারের বাজেটেও খুব বেশি বলা নেই। কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সে ব্যাপারে তাদেরও (বিএসইসি) ভিউজ আছে। যারা বিনিয়োগকারী তাদেরও ভিউজ আছে।
“আমরা বলেছি তাদের, দেখেন গত পাঁচ বছর আমরা যে বাজেট আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং যেটা পাশ করেছি তার মধ্যে বিস্তর তফাৎ। এ ব্যাপারে আমরা খুবই ফ্লেক্সিবল। প্রস্তাব শুনি মানুষের কাছে, সংসদের কাছে এবং যথেষ্ঠ পরিবর্তন সাধন করা হয়। সেই সুযোগ এবারেও আছে।”
বিএসইসির সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আরো বলেন, “এখন আমি স্টক মার্কেট নিয়ে কথা বলব না, কারণ আমার কাছে মনে হয় এটা বলার মত কোন বিষয় নয়। এখন এটা অত্যন্ত স্থিতিশীল। দুই বছর ধরে এটা স্থিতিশীল। আমি আশা করি ভবিষ্যতেও থাকবে।”
এসময় সাংবাদিকদের উপদেশ দিয়ে প্রবীণ মুহিত বলেন, “আপনারা পুঁজিবাজার উত্থান-পতন হেডলাইন দিয়ে নিউজ করেন এইটা খুব আনইউজুয়াল। বাজারের সূচক যদি হয় সাড়ে চার হাজার তাহলে একশো নামলে কত? কিন্তু একশো নামলে আমরা ভয়ঙ্কর চিন্তিত হয়ে যায়।
“একশো সাড়ে চার হাজারের ২ শতাংশের কিছু বেশি সেটা আমাদের খেয়াল হয় না। এইটা একটু খেয়াল করবেন।”
