পুরস্কারজয়ী ব্যবসায়ী সেলিমাকে সংবর্ধনা
অসলো বিজনেস শান্তি পুরস্কারজয়ী সেলিমা আহমাদকে সংবর্ধনা দিয়েছে নরওয়ে দূতাবাস।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নরওয়ে রাষ্ট্রদূত ম্যারেটে লুন্ডেমোর বাসায় এ সংবর্ধনা দেয়া হয়।
‘ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে অবদানের’ স্বীকৃতিস্বরূপ সেলিমা আহমাদকে এই পুরস্কার দেয়া হয়।
১৫ মে নরওয়ের রাজধানী অসলো সিটি সেন্টারে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার’ সঙ্গে ব্যবসা করার জন্য বাংলাদেশের নারী উদ্যোক্তা নিটল-নিলয় গ্রুপের ভাইস-চেয়ারম্যান সেলিমা আহমদকে পুরস্কার দেয়া হয়।
অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেলিমা আহমাদকে এই পুরস্কার দেয়।
এর আগে ২০১২ সালে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান এ পুরস্কার পেয়েছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নরওয়ে রাষ্ট্রদুত বলেন, “এ পুরস্কার ব্যবসায় সম্মানিত। যারা ব্যবসার পাশাপাশি সামাজিকভাবে দায়িত্ব পালন করেন তাদের জন্যই এ পুরস্কার। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অবদান রাখার জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন সেলিমা আহমদ।
“বাংলাদেশে নরওয়ের কয়েকটি খাতে বিনিয়োগ রয়েছে। নরওয়ে সরকার এ দেশের সেরকারি খাতের উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে তা আরও বাড়বে। আর এর মাধ্যমে আরো নারী উদ্যোক্তা গড়ে উঠবে।”
সংবর্ধনা পাওয়ার পর সেলিমা আহমাদ বলেন, “এটা কেবল আমার অর্জন নয়। বাংলাদেশের অর্জন। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অর্জন এটা।”
সবাইকে এক সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের বেসরকারি খাত বড় হচ্ছে। ব্যবসায়ীরা এখন ব্যবসার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজ গঠনেও অবদান রাখছে।
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এ প্রসঙ্গে তিনি বলেন, “বেসরকারি খাতকে ঘিরেই এখন বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়। কিন্তু কালো টাকা এবং খেলাপি ঋণের যে বদনাম তার জন্যও আমরা ব্যবসায়ীরা দায়ি।
“এ থেকে বেরিয়ে এসে সততা এবং জবাবদিহিতার সঙ্গে ব্যবসা করতে হবে আমাদের।”
অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, সোনালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান, নারী নেত্রী আয়েশা খানম, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, উইমেন চেম্বারের সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদসহ বিভিন্ন দূতাবাসের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
