২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কার নিতে শান্তির দেশে সেরা উদ্যোক্তারা

বাংলাদেশের নারী উদ্যোক্তা সেলিমা আহমদসহ বিশ্বের ছয়জন সেরা ব্যবসায়ী-উদ্যোক্তা অসলো বিজনেস শান্তি পুরস্কার নিতে নরওয়ে পৌঁছেছেন।

আবদুর রহিম হারমাছি

অসলো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 11:57 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় অসলো সিটি হলে এই ছয় উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেবেন শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদি।

এই সিটি হলেই নোবেলবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বাংলাদেশের মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল জয়ের পর এই হলেই পদক নিয়েছিলেন।

এটা নরওয়েভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশনের ষষ্ঠ আয়োজন। ২০১২ সালে বাংলাদেশের আরেক ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানও ‘ব্যবসা-বাণিজ্যে নোবেল’ হিসেবে পরিচিত এই পুরস্কার পেয়েছিলেন।

বাংলাদেশের তৃতীয় ব্যক্তি হিসেবে সেলিমা আহমদ অসলো সিটি হল থেকে গুরুত্বপূর্ণ সম্মাননা নিতে যাচ্ছেন।

পুরস্কার নিতে আসার অনুভূতি জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাম ঘোষণার পর এক ধরনের অনুভূতি হয়েছিল। এখন পুরস্কার নিতে এসে আরেক ধরনের অনুভূতি।

“আমার ভালো লাগছে। আমার জন্য বাংলাদেশ এত বড় সম্মান পাচ্ছে। একইসঙ্গে আমার দায়িত্বও বেড়ে গেল বলে আমি মনে করি।”

মূল অনুষ্ঠানের আগেই নানা ধরনের সম্মাননা পাচ্ছেন সেলিমাসহ ছয় উদ্যোক্তা। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী তাদের ইতোমধ্যে সংবর্ধনা দিয়েছে।

নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা বলেন, বাংলাদেশের নারীদের ভাগ্যের উন্নয়নে, নারী উদ্যোক্তারা যাতে অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারে-সেজন্য নতুন উদ্যোমে কাজ করবেন তিনি।

“পৃথিবীতে শান্তি আনতে হলে বেসরকারি খাতকেই এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করবে-রাজস্ব দেবে, ভ্যাট দেবে। সরকার সে টাকায় উন্নয়ন কাজ করবে।”

ব্যবসায়ীরা এক্ষেত্রে ‘শান্তির দূত’ হয়ে কাজ করছেন দাবি করে সেলিমা বলেন, “ব্যবসায়ীদের মাধ্যমেই পৃথিবীতে শান্তি আসবে।আমরা যারা এই পুরস্কার পাচ্ছি- তারা সবাই নিজ নিজ দেশে ব্যবসার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করছি।”

বিজনেস ফর পিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গ্রামীণফোন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ‍ওডভার হেসজেডাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৃথিবীতে ব্যবসা-বাণিজ্যের ধরন পাল্টে যাচ্ছে। ব্যবসা এখন আর শুধু মুনাফার জন্য নয়, সমাজে শান্তি নিয়ে আসবে-এমন ব্যবসা করতে হবে।”

এ বিষয়টি বিবেচনায় রেখে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্য থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে, বলেন তিনি।

সেলিমা আহমদের সঙ্গে অন্য যে পাঁচজন অসলো বিজনেস শান্তি পুরস্কার পাচ্ছেন তারা হলেন- তিউনেশিয়ার ওইদেদ বুচামও, যুক্তরাজ্যের স্যার রিচার্ড ব্রনসন, নেপালের কেশাকুমারি দামিনি, লেবাননের আদনান কাসর এবং যুক্তরাষ্ট্রের মেরিলন কার্লসন নেলসন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট এবং বিজনেস ফর পিস ফাউন্ডেশন যৌথভাবে তাদের নির্বাচিত করেছে।