২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমডিদের বিদেশ যেতে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এখন থেকে বিদেশ যাওয়ার আগে ভ্রমণের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গোচরে আনতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 09:06 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

কর্মস্থল ত্যাগের ৭ দিন আগে এমডির অনুপস্থিতিতে যিনি দায়িত্ব পালন করবেন তার নাম, পদবী, দাপ্তরিক ও ব্যক্তিগত ফোন নম্বর এবং ই-মেইল ঠিাকানা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় এবং প্রবিধি ও নীতি বিভাগকে জানাতে হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের চিঠি দিয়ে এই নির্দেশনা দেয়া হয়েছে। চিঠির অনুলিপি ব্যাংক চেয়ারম্যানদেরও দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, “ব্যাংকিং খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কার্যক্রমে গতিশীলতা অক্ষুন্ন রাখার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, “ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার জন্য প্রধান নির্বাহীর সার্বক্ষণিক দায়িত্বপালনের গুরুত্ব অপরিসীম। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে, কিছু ব্যাংকের প্রধান নির্বাহী দাপ্তরিক কাজে বা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। আবার বেশকিছু ব্যাংকের প্রধান নির্বাহী একযোগে দীর্ঘ সময়ের জন্য বিদেশ গিয়ে প্রশিক্ষণ গ্রহণ ও ব্যক্তিগত ছুটি কাটাচ্ছেন।”

“এতে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকাণ্ডে গতিশীলতা হ্রাসের পাশাপাশি ব্যবস্থাপনাগত ঝুঁকি সৃষ্টি হচ্ছে, যা কোনভাবেই কাঙ্খিত নয়। এজন্য ব্যাংকের প্রধান নির্বাহীর কর্মস্থলের বাইরে দীর্ঘসময় অবস্থান যতদুর সম্ভব পরিহার করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।”

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গত মে মাসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশের ২৫টি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা লন্ডনে যান। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হওয়ার পরও অনেকে আরও কিছুদিন সেখানে অবস্থান করেন।

ওইসময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনেক ব্যাংকের প্রধান নির্বাহীর দপ্তরে যোগাযোগ করে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। সে সময়

অনেক গ্রাহক ওইসব ব্যাংকে ভোগান্তির বিষয়ে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন বলে জানান তারা।