বেসিস-গ্রামীণফোন সমঝোতা স্মারক সই
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে গ্রামীণফোন এবং তথ্যপ্রযুক্তি নির্মাতাদের সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রচারণা সহযোগিতামূলক এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড কনভেনশনে এই চুক্তি সই হয় বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দীকির পাশাপাশি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ ফোনের সিইও বিবেক সুদ ও বেসিস এর সভাপতি শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
এই চুক্তি অনুযায়ী, বেসিস ও গ্রামীণফোন বাংলাদেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য বার্ষিক ইন্টারনেট শিক্ষা দিবস পালন এবং ১০ লাখের বেশি মানুষের ব্যবহারযোগ্য অ্যাপ্লিকেশন তৈরি ও বিতরণে সহযোগিতামূলক কার্যক্রম একসঙ্গে পরিচালনা করবে।
এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্রতিবছর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এক কোটি করে বাড়ানো লক্ষ্যেও তারা কাজ করে যাবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, “অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ রুপকল্প দৃঢ়ভাবে সমর্থন করি।“
“গ্রামীণফোনের লক্ষ্য হচ্ছে সবার কাছে ইন্টারনেট পৌছে দেয়া এবং বেসিস এর সাথে এই যৌথ উদ্যেগের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং নতুন নতুন কনটেন্ট ও সেবা উন্নয়নে উৎসাহী করতে চাই।"
বেসিস এর সভাপতি শামীম আহমেদ বলেন "বেসিস এর 'ওয়ান বাংলাদেশ' ভিশন এবং গ্রামীণফোনের 'ইন্টারনেট ফর অল' কার্যক্রম একই রকম, তাই এই চুক্তির মাধ্যমে আমরা এই লক্ষ্যগুলো অর্জনে কাজ করবো।"
চুক্তি অনুযায়ী, সচেতনতা বৃদ্ধির জন্য অন্যান্য উদ্যেগের মধ্যে বেসিস ইন্টারনেট উন্নয়নের প্রধান প্রধান পক্ষ যেমন সরকার, নীতি নির্ধারক, শিল্প এবং উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে জানানো হয়, এ বিষয়ে বেসিস আগামী এক বছরের মধ্যে প্রচারণামূলক কাজের একটি রোড ম্যাপ তৈরি করবে।
